স্পোর্টস ডেস্ক

২৪ মার্চ, ২০১৯ ১০:৫৫

ব্রাজিলকে রুখে দিল পানামা

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল টানা ছয় ম্যাচ জিতে এসে পানামার বিপক্ষে হোঁচট খেল। ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা পানামার বিপক্ষে এগিয়ে গিয়েও জাল অক্ষত রাখতে পারল না তিতের দল। ড্রয়ের হতাশায় মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিলকে।

শনিবার স্থানীয় সময় বিকালে পর্তুগালের পোর্তোয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া ব্রাজিল গত বছরে নিজেদের শেষ ছয় ম্যাচের সবকটিতে জিতেছিল। আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতি পর্বে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৭৬তম দলটির সঙ্গে ড্র করে তাদের সেই জয়ধারায় ছেদ পড়লো।

ম্যাচের শুরু থেকে একচেটিয়া বল দখলে রাখা ব্রাজিল অষ্টাদশ মিনিটে প্রথম সুযোগ পায়। ফিলিপে কৌতিনিয়োর দারুণ ক্রসে রবের্তো ফিরমিনোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পাঁচ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে মিডফিল্ডার আর্থার মেলোর কোনাকুনি শট পোস্ট ঘেঁষে চলে যায়।

৩২তম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। ডান দিক থেকে কাসেমিরোর ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের ভলিতে বল ঠিকানায় পাঠান নেইমারের অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সিধারী পাকুয়েতা। জাতীয় দলের হয়ে ২১ বছর বয়সী এসি মিলান মিডফিল্ডারের এটি প্রথম গোল।

চার মিনিট পরেই গোল শোধ করে পাল্টা জবাব দেয় পানামা। মাঝমাঠের কাছ থেকে সতীর্থের ফ্রি-কিকে বল ডি-বক্সে পেয়ে হেডে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসনের মাথার উপর দিয়ে জালে পাঠান ডিফেন্ডার আদোলফো মাচাদো।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় র‍্যাঙ্কিংয়ে তিনে থাকা ব্রাজিল। ডান দিক থেকে ফাগনারের ক্রসে রিশার্লিসনের ভলি গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবারে বাধা পায়। ৭১তম মিনিটে কাসেমিরোর হেডও ক্রসবারে লেগে ব্যর্থ হয়।
দুই মিনিট পর রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের বাঁকানো ফ্রি-কিক পোস্ট ঘেঁষে ভিতরে ঢুকতে যাচ্ছিল। দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন পানামা গোলরক্ষক।

আগামী মঙ্গলবার চেক রিপাবলিকের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তিতের দল।

আপনার মন্তব্য

আলোচিত