২৪ মার্চ, ২০১৯ ১৩:৩৬
বিরাট কোহলির নেতৃত্বে এখনো বড় কোনো শিরোপা জেতেনি ভারত। আইপিএলেও তাঁর নেতৃত্বে এখনও চূড়ান্ত সাফল্য পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে ক্যারিয়ারের একেবারে শেষপ্রান্তে দাঁড়িয়ে থাকা ধোনির নেতৃত্বে ৫০ ওভার ও টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে নিয়েছে ভারত। আইপিএলে ধোনির দল চেন্নাই সুপার কিংস টুর্নামেন্টের সবচেয়ে সফল দল।
সেই সফলতা আরেকবার ছুঁয়ে গেছে চেন্নাই শিবিরে। এবারের আসরের প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া কোহলির ব্যাঙ্গালুরুকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ধোনীর চেন্নাই।
শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৭০ রানে অলআউট হয়ে যায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। স্পিন সহায়ক চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ঝড়ো ইনিংস খেলার ওস্তাদ আরসিবি ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করে পার্থিব প্যাটেল। আর কেউ দশ রানের ঘরে যেতে পারেননি।
কোহলি, ভিলিয়ার্স, হেটমায়ার, মঈন আলীরা ব্যর্থ হন। চেন্নাইয়ের স্পিনার হরভজন সিং,ইমরান তাহির এবং রবিন্দ্র জাদেজা গুড়িয়ে দেয় কোহলিদের। তিন স্পিনার মিলে নেন ৯ উইকেট। এরমধ্যে বুড়ো হরভজন এবং ইমরান তাহির নেন ৩টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নামা চেন্নাইয়েরও ঘাম ঝরেছে বেশ। আঠারোতম ওভারে তারা ৭ উইকেট হাতে রেখে জিতেছে। রাইডু ২৮ এবং রায়না ১৯ রান করে আউট হন। ওপেনার শেন ওয়ানসন ১০ বল খেলে কোন রান করতে পারেননি। কেদার যাদব হার না মানা ১৩ রান করে দলকে জেতান।
আপনার মন্তব্য