০৮ এপ্রিল, ২০১৯ ১১:১১
স্ত্রাসবুরের বিপক্ষে এবারও পারল না পিএসজি। পিএসজির মাঠে লিগ ওয়ানে রোববার রাতের ম্যাচটি ২-২ গোলে ড্র করে টমাস টুখেলের দল। ডিসেম্বরে লিগের প্রথম পর্বে স্ত্রাসবুরের মাঠে ১-১ গোলে ড্র করেছিল পিএসজি।
ম্যাচের ১৩তম মিনিটে এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের গোলে এগিয়ে যায় পিএসজি। সতীর্থের রক্ষণচেরা পাস পেয়ে ছোট ডি-বক্সের মুখে বল বাড়ান ফরাসি ডিফেন্ডার কলিন ডাগবা। আর প্লেসিং শটে গোল করেন ক্যামেরুনের ফরোয়ার্ড।
২৬তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে নিচু শটে অতিথিদের সমতায় ফেরান কেপ ভার্দের ফরোয়ার্ড নুনো দা কস্তা। আর ৩৮তম মিনিটে ফরাসি মিডফিল্ডার অঁতনির দূরপাল্লার শটে এগিয়ে যায় স্ত্রাসবুর।
ম্যাচের ৮২তম মিনিটে সমতায় ফেরে শিরোপাধারীরা। স্বদেশি মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলারের কর্নারে হেডে জাল খুঁজে নেন জার্মান ডিফেন্ডার টিলো কেরার।
৩০ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ বেশি খেলা লিল আছে দ্বিতীয় স্থানে।
আপনার মন্তব্য