৩০ মে, ২০১৯ ১৯:২৮
ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩১১ রান। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। এছাড়া অধিনায়ক ইয়ন মরগান ৫৭, জেসন রয় ৫৪ ও জো রুট ৫১। বল হাতে ৬৬ রানে ৩ উইকেট নিয়েছেন প্রোটিয়া তারকা লুঙ্গি এনগিডি।
বৃহস্পতিবার (৩০ মে) ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ওভালের ম্যাচের শুরুতেই উত্তাপ ছড়ায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় বলে প্রোটিয়ারা তুলে নেন জনি বেয়ারস্টোর উইকেট। যদিও ওই ধাক্কা কাটিয়ে ওঠে তারা জেসন রয় ও জো রুটের হাফসেঞ্চুরিতে।
১ রানে হারানো প্রথম উইকেটের পর রয়-রুট গড়েন ১০৬ রানের জুটি। ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে ব্যাটিং প্রস্তুতি সেরে নেওয়া রয় বিপদ বাড়তে দেননি ইংল্যান্ডের। ফর্মে থাকা এই ওপেনার আক্রমণাত্মক ব্যাটিং বাড়িয়ে নেন দলের রান। পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম হাফসেঞ্চুরি।
যোগ্য সঙ্গ পেয়েছেন তিনি রুটের কাছ থেকে। ইংলিশদের নির্ভরযোগ্য এই বাটসম্যান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাট চালিয়েছেন। রয়ের সঙ্গে জুটি গড়ে পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরি। যাতে ইংল্যান্ড থাকে চালকের আসনে।
প্রোটিয়াদের দুই ওভারের ধাক্কায় ম্যাচের দৃশ্যপট আবার যায় পাল্টে। রয়ের আউটের পরপরই রুট ফিরে গেলে বিপদে পড়ে ইংল্যান্ড। রয় ৫৪ রান করে আন্দিলে ফেলুকাওয়ের বলে মিড-অফে ধরা পড়েন ফাফ দু প্লেসির হাতে। পরের ওভারে কাগিসো রাবাদার শিকার রুট। প্রোটিয়া পেসারের খাটো লেন্থের বল ঠিকমতো খেলতে না পারায় ৫১ রান করা রুট পয়েন্টে তালুবন্দী হন জেপি দুমিনির।
এর আগে ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম উইকেট দেখতে অপেক্ষাই করতে হয়নি ক্রিকেট ভক্তদের। দ্বিতীয় বলেই পড়েছে এবারের বিশ্বকাপের প্রথম উইকেট। ২০১৯ বিশ্বকাপের প্রথম উইকেট শিকারি হলেন ইমরান তাহির।
ওভালের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামা প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসি শুরুতেই দেন চমক। ইংল্যান্ডের পেস সহায়ক পিচে কিনা বোলিং আক্রমণ শুরু করলেন তিনি স্পিন দিয়ে! যে দক্ষিণ আফ্রিকার মূল শক্তি পেস বোলিং, সেখানে স্পিন দিয়ে শুরুটা ছিল আরও বিস্ময়কর।
যদিও দু প্লেসির কৌশল কাজে লেগেছে শুরুতেই। ফর্মের তুঙ্গে থাকা লেগ স্পিনার ইমরান তাহির ইনিংস ও নিজের দ্বিতীয় বলেই তুলে নেন এবারের বিশ্বকাপের প্রথম উইকেট। ফেরান তিনি ইংল্যান্ডের ভয়ঙ্কর ওপেনার জনি বেয়ারস্টোকে।
অফ স্টাম্পের বাইরে বাঁক খাওয়া বল রেয়ারস্টোর ব্যাট ছুঁয়ে গেলে গ্লাভসবন্দী করতে ভুল হয়নি উইকেটরক্ষক কুইন্টন ডি ককের। যাতে প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরা বেয়ারস্টো রানের খাতাই খুলতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩১১/৮ (রয় ৫৪, বেয়ারস্টো ০, রুট ৫১, মর্গ্যান ৫৭, স্টোকস, বাটলার ১৮, মইন ৩, ওকস ১৩, প্লানকেট ৯*, আর্চার ৭*; তাহির ১০-০-৬১-২, এনগিডি ১০-০-৬৬-৩, রাবাদা ১০-০-৬৬-২, প্রিটোরিয়াস ৭-০-৪২-০, ফেলুকোয়ায়ো ৮-০-৪৪-১, দুমিনি ২-০-১৪-০, মারক্রাম ৩-০-১৬-০)
আপনার মন্তব্য