০১ জুন, ২০১৯ ১৯:২২
উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে রোববার তারা মুখোমুখি হবে বাংলাদেশের। প্রথম ম্যাচে বাজেভাবে হারা দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়াতে চাইবে ওই ম্যাচে। বাংলাদেশও ছেড়ে কথা বলবে না। যদিও ম্যাচটি নিয়ে প্রোটিয়া কিংবা অন্য দেশের সংবাদ মাধ্যমে তেমন হইচই নেই। তাদের চোখ ৫ জুন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে।
রাবাদাকে যেমন সৌম্যদের বিপক্ষে ম্যাচ ডিঙিয়ে প্রশ্ন করা হলো ভারত ম্যাচ নিয়ে। কথা বলতে হলো ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে। সুযোগ বুঝে রাবাদাও তিরস্কার করলেন কোহলির। বিশ্ব সেরা ব্যাটসম্যানকে বললেন, মানসিকভাবে অপরিণত।
মাঠে ভারতীয় অধিনায়ক কোহলি দারুণ আগ্রাসী। তরুণ পেসার রাবাদাও তাই। চোখ দিয়ে আঙুন ঝরান তারা। প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে দেন। আইপিএলে আগ্রাসী মনোভাবের এই দুই ক্রিকেটারের তাই ঝগড়া লাগে। বিশ্বকাপের ম্যাচেও থাকতে পারে ওই ঝগড়ায় রেশ।
এ নিয়ে দক্ষিণ আফ্রিকার ২৪ বছর বয়সী রাবাদা ক্রিকইনফো বলেন, 'আমি ম্যাচ পরিকল্পনা নিয়ে ভাবছি। কোহলিকে নিয়ে নয়। তবে তার ব্যাপারটা আমি বুঝি না। ধরুণ সে আপনাকে একটা বাউন্ডারি মারল এবং কিছু একটা বলল। এরপর আপনি কিছু বলতেই রেগে যাবে সে। হয়তো এটাই তার ভালো খেলার কারণ। তবে আমার দৃষ্টিতে এটা অপরিণত আচরণ।'
মাঠে আক্রমণ করে কেউ কিছু বললে তেঁতে যান কিনা এমন প্রশ্নে রাবাদা জানান, এটা তার সেরাটা বের করে আনে। তিনি জানান, কেউ যদি আমাকে বলে পরের বলে বাউন্ডারি মারবে, অবশ্যই আমি তাকে ছোবল মারার মানসিকতা নিয়েই বোলিং করবো। ওই পরিস্থিতিতে আপনাকে লড়তে হবে নয়তো পালাতে হবে।
আপনার মন্তব্য