০১ জুন, ২০১৯ ২১:৪৮
বড় লক্ষ্য দাঁড় করাতে না পারলেও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্মানজনক সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। জয়ের জন্য অ্যারন ফিঞ্চের দলকে ২০৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ খেলা দলটি।
চলতি ওয়ানডে বিশ্বকাপে এ পর্যন্ত ৩টি এশিয়ার দেশ মাঠে নেমেছে। যার মধ্যে দুটি দেশ বিশ্বকাপজয়ী; আরেকটি নবীন। কিন্তু মাঠের খেলায় ফল হলো উল্টো। বিশ্বকাপজয়ী পাকিস্তান ও শ্রীলঙ্কা যেখানে ১০৫ এবং ১৩৬ রানে অল-আউট হয়েছে; সেখানে পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ২০৭ রানের স্কোর গড়ল যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তান।
ব্রিস্টলে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও হজরতউল্লাহ জাজাইকে হারায় গুলবাদিন নাইবের দল। দুই ওপেনারই সাজঘরে ফেরেন শূন্য রানে। এরপর রহমত শাহর ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে আফগানিস্তান।
যদিও অপর প্রান্তে হাশমতউল্লাহ শহীদী (১৮) ও মোহাম্মদ নবীর (৭) দ্রুত সাজঘরে ফেরা দেখতে হয় রহমতকে। তবে মিডল অর্ডারে দলের হাল ধরেন অধিনায়ক গুলবাদিন নাইব ও নাজিবউল্লাহ জাদরান।
৬০ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন রহমত। এরপর নাজিবউল্লাহ ও গুলবাদিন দেখেশুনে খেলে যান। ৩৩ বলে ৩১ রানের কার্যকরী ইনিংস খেলে গুলবাদিন বিদায় নিলেও নাজিবউল্লাহ তুলে নেন অর্দশ-শতক।
যদিও অর্ধ-শতক হাঁকানোর পরপরই তাকে ধরতে হয় সাজঘরের পথ। সাজঘরে ফেরার আগে ৭টি চার ও ২টি ছক্কার সহায়তায় ৪৯ বলে ৫১ রান করেন তিনি।
অষ্টম ব্যাটসম্যান হিসেবে দৌলত জাদরান (৪) বিদায় নিলে মারকুটে ব্যাটিং শুরু করেন রশিদ খান। ২টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ১১ বলে ২৭ রান করে থামেন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে মুজিব উর রহমান (১৩) আউট হয়ে গেলে ৩৮.২ ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ২০৭ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি করে উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা। এছাড়া মার্কাস স্টয়নিস ২টি ও মিচেল স্টার্ক ১টি উইকেট শিকার করেন।
আপনার মন্তব্য