০২ জুন, ২০১৯ ২০:৪৬
বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে আশাবাদী ছিল সবাই। অভিজ্ঞ সব ক্রিকেটারদের কারণে বিশ্বকাপের 'ডার্কহর্স' উপাধিও পায় মাশরাফির দল। প্রথম ম্যাচেই সমর্থকদের প্রত্যাশা মেটাতে সক্ষম হয়েছেন সাকিব-মুশফিকরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে ৩৩০ রান করেছে বাংলাদেশ। জিততে হলে প্রোটিয়াদের করতে হবে ৩৩১ রান। বিশ্বকাপে এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই আর একটিও।
রোববার (২ জুন) লন্ডনের ওভালে এবারের বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরো ৫০ ওভার ব্যাট করে ৩৩০ রান করেছে বাংলাদেশ। বিশ্বকাপে তো বটেই, এটাই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩২২ রান করেছিল মাশরাফি বিন মর্তুজার দল। আর এশিয়া কাপে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩২৯ করেছিল বাংলাদেশ। এই রান তাড়া করে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে দক্ষিণ আফ্রিকার। কারণ বিশ্বকাপে এত রান তাড়া করে জেতেনি আর কেউ।
২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের তোলা ৩২৭ রান তাড়া করে জিতে রেকর্ড গড়েছিল আয়ারল্যান্ডের। ২০১১ সালের বিশ্বকাপে কেভিন ও'ব্রায়েনের অতিমানবীয় সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছিল আয়ারল্যান্ড। সেদিন ইংলিশদের করার ৩২৭ রান তাড়া করে আইরিশরা। এখন পর্যন্ত বিশ্বকাপে এর চেয়ে বেশি রান করে জয়ের রেকর্ড নেই। তালিকার দ্বিতীয় নামটি বাংলাদেশের। গত বিশ্বকাপে স্কটল্যান্ডের করা ৩১৮ রান তাড়া করেছিল মাশরাফির দল।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সবোর্চ্চ রান তাড়া করার রেকর্ডটি ভারতের বিপক্ষে। ২০১১ সালের আসরে ভারতের দেওয়া ২৯৬ রান তাড়া করে জেতে দক্ষিণ আফ্রিকা। সেই হিসেবে আজ ম্যাচটি জিততে হলে বিশ্ব রেকর্ড করতে হবে দক্ষিণ আফ্রিকা।
আপনার মন্তব্য