০৪ জুন, ২০১৯ ১৩:৩৬
৫ জুন শুরু হচ্ছে ভারতের বিশ্বকাপ মিশন। দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচের আগেই অধিনায়ক বিরাট কোহলির সুবাদে জার্মানি এবং বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার টমাস মুলারের শুভকামনা পেয়েছে ভারত।
সোমবার (৩ জুন) টুইটারে ভারতের জার্সি পরা ছবি পোস্ট করে ভারতকে তাদের বিশ্বকাপ মিশনের জন্য শুভকামনা জানান তিনি।
টুইটে মুলার শুধু ভারতকেই শুভকামনা জানাননি, ‘বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলকে আমি শুভকামনা জানাই এবং টান টান উত্তেজনাকর ম্যাচের প্রত্যাশা করছি।’ এরপরই আলাদা করে কোহলি এবং ভারতকে শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘বিশেষভাবে আমি ভারতীয় দলের অধিনায়ক কোহলিকে শুভকামনা জানাই। সে (বিরাট কোহলি) একজন জার্মান ফ্যান, পূর্বেও সে বেশ কয়েকবার জার্মানিকে সমর্থন দিয়েছে।’
কিছুদিন আগে ইংল্যান্ড অধিনায়ক এবং টটেনহামের স্ট্রাইকার হ্যারি কেইনের সঙ্গে কোহলির তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিল। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে কোহলি হ্যারি কেইনের সঙ্গে দেখা করেছিলেন। পরে সেই ছবি দুজনেই দিয়েছিলেন টুইটারে।
এবার টমাস মুলারও টুইট করে শুভকামনা জানালেন কোহলিদের। বাড়তি হিসেবে ভারতের জার্সি গায়ে এবং ব্যাট কাঁধে নিয়ে দেওয়া ছবি পোস্ট করে আলোচনায় এলেন মুলার।
আপনার মন্তব্য