০৪ জুন, ২০১৯ ১৪:২৭
বুধবার ওভালেই দিবা-রাত্রির ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ইতোমধ্যে দুটি দলই দারুণ জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে। তবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি মনে করছেন কিউইদের জন্য এই ম্যাচ এক প্রকার পরীক্ষা। কারণ গত চ্যাম্পিয়নস ট্রফিতে এই বাংলাদেশের কাছেই হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে নিউজিল্যান্ডকে।
আইসিসির বিশেষ কলামে ভেট্টরি লিখেছেন, ‘বাংলাদেশের সঙ্গে পরের ম্যাচ ওভালে। এখানে কন্ডিশন একটা বড় ভূমিকা রাখবে বলে মনে করি। এখানকার উইকেটও খুব ভালো। তবে বাংলাদেশের কাছে নিউজিল্যান্ড কয়েক বছর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে হেরে যাওয়ায় আমার মনে হয় এই ম্যাচটা একটা পরীক্ষা তাদের জন্য।’
নিউজিল্যান্ড লঙ্কানদের অনায়াসে হারিয়ে টুর্নামেন্ট শুরু করায় তাদের আত্মবিশ্বাসীও তুঙ্গে থাকবে বলে মনে করেন সাবেক কিউই এই অলরাউন্ডার, ‘আমার মনে হয় এই ওভালে প্রচুর রান হবে। কিন্তু নিউজিল্যান্ড যেহেতু জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে তাতে তাদের আত্মবিশ্বাস অনেক বাড়তি থাকবে তাতে সন্দেহ নেই।’
অবশ্য টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করায় নিউজিল্যান্ডের সূচনাকে শতভাগ নম্বর দিচ্ছেন ভেট্টরি, ‘ওদের গর্ববোধ করা উচিত এমন জয়ে। শুরুটা সব দিক দিয়ে শতভাগ ছিলো। শুধু পারফরম্যান্স দিয়েই নয়, ফলাফল, জয়ের ব্যবধান সব কিছু।’
আপনার মন্তব্য