স্পোর্টস ডেস্ক

০৪ জুন, ২০১৯ ১৫:৫২

ভারতের সংবাদ সম্মেলন বর্জন করলেন সাংবাদিকরা

বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে যাত্রা শুরু করছে ভারত। এর আগে কোনো সংবাদ সম্মেলনও করেনি ভারতীয় দল। তবে গতকালের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দলের কাউকে না পাঠিয়ে দুজন নেট বোলার পাঠায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এতে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন বয়কট করেন সাংবাদিকেরা।

সোমবার (৩ জুুন) কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারতীয় দলের দুজন নেট বোলার দীপক চাহার আর আবেশ খানকে পাঠিয়ে সমালোচনার জন্ম দেয় ভারতীয় ক্রিকেট দল।

এদিকে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দলের কাউকে না পাঠানোকে গণমাধ্যমকে অবহেলা করা হিসেবেই দেখছে সংবাদকর্মীরা।

যদিও সাংবাদিকদের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের বৈরিতার ইতিহাস আজকের নতুন নয়। অধিনায়ক বিরাট কোহলি ছাড়া কখনই সংবাদ সম্মেলনে যাওয়ার ব্যাপারে বিশেষ আগ্রহ দেখান না ভারতীয় তারকারা।

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর ভারতীয় দলের খেলোয়াড়েরা আছেন ছুটিতে। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথাও বলেননি কেউ। এর মধ্যে অনুশীলন হয়েছে চার সেশন, সাংবাদিকদের এড়িয়েই গেছেন ক্রিকেটাররা। কিন্তু কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও বিশ্বকাপ দলের কাউকে না পাঠানোকে গণমাধ্যমকে অবহেলা করা হিসেবেই দেখছে সংবাদকর্মীরা।

সংবাদ সম্মেলনে দুই নেট বোলারকে দেখেই ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকেরা। যুক্তি ছিল, যারা বিশ্বকাপ দলেই নেই, তারা কীভাবে বিশ্বকাপ নিয়ে কথা বলবেন? সে কারণেই দীপক আর আবেশকে কোনো প্রশ্ন না করেই সম্মেলন কক্ষ ত্যাগ করেন সবাই।

তবে এ ব্যাপারে ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও ব্যাখ্যা আছে। তাদের বক্তব্য পরিষ্কার, ‘বিশ্বকাপই যেখানে শুরু হয়নি ভারতের, তাই বিশ্বকাপ নিয়ে কথা বলার কিছু নেই।’

উল্লেখ্য, বিশ্বকাপগামী ভারতীয় দলে জায়গা হয়নি  পেস বোলার দীপক চাহার আর আবেশ খানের। কিন্তু দলের সঙ্গে ইংল্যান্ড গেছেন তারা নেট বোলার হিসেবে। প্রতিশ্রুতিশীল এই দুই ক্রিকেটারের কাজ নেটে বোলিং করে কোহলি-রোহিতদের ব্যাটিং প্রস্তুতিতে সহায়তা করা।


আপনার মন্তব্য

আলোচিত