স্পোর্টস ডেস্ক

০৫ জুন, ২০১৯ ১৯:৩২

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২২৭/৯

সাউথাম্পটনে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। ভেবেছিলেন ব্যাট নিয়ে বড় সংগ্রহ করে চাপের মধ্যে ফেলবেন ভারতীয় ব্যাটিংকে। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে বোলিংয়ের মুখে বেশি রান করতে পারেন নি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।

প্রথমে বুমরাহ ও পরে চাহাল-কুলদীপের বোলিং তোপে প্রোটিয়াদের ব্যাটিংয়ে ধস নামে। কিন্তু শেষদিকে মরিস ও রাবাদার পার্টনারশিপ দলকে কিছুটা টেনে তুলে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২২৭ রানে শেষ হলো দক্ষিণ আফ্রিকার ইনিংস।

এ দিন প্রথম থেকেই বুমরাহর বল খেলতে সমস্যা হচ্ছিল দুই ওপেনার হাশিম আমলা ও ডি ককের। তার ফলও মেলে হাতেনাতে। ম্যাচের চতুর্থ ওভারেই আমলাকে আউট করেন বুমরাহ। দু ওভার পরেই ডি ককের উইকেটও তুলে নেন বুমরাহ।

তারপর পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন অধিনায়ক দু প্লেসি ও ভ্যান ডার ডুসেন। ৫৪ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। কিন্তু তারপরেই নিজেদের রূপে ফিরে আসেন ভারতের দুই রিস্ট স্পিনার চাহাল ও কুলদীপ। দু প্লেসিকে ৩৩ ও ডুসেনকে ২২ করে আউট করেন চাহাল। অন্যদিকে ডুমিনিকে আউট করেন কুলদীপ।

পাঁচ উইকেট পরে যাওয়ার পর পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন মিলার ও ফেকলুকোয়াও। মিলার ৩১ রানের মাথায় চাহালকে ক্যাচ দিয়ে ফিরে যান। ফেকলুকোয়াওকে ৩৪ রানের মাথায় চাহালের বলেই স্ট্যাম্প করেন ধোনি।

শেষদিকে ভালো খেলেন মরিস ও রাবাদা। বিশেষ করে মরিস বেশ কিছু চার ছয় মারেন। ফলে দক্ষিণ আফ্রিকার রান ২০০ পার করে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে  ২২৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। মরিস রান ৪২ রান করে আউট হন। রাবাদা ৩১ করে অপরাজিত থাকেন।


আপনার মন্তব্য

আলোচিত