স্পোর্টস ডেস্ক

০৬ জুন, ২০১৯ ০২:২২

শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইগারদের হার

নিউ জিল্যান্ডের দ্বিতীয় জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা কিউইরা ১৭ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়।

এই জয়ে টানা দুই ম্যাচ জিতল নিউ জিল্যান্ড, সেই সঙ্গে তারা উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে। নিজেদের প্রথম ম্যাচ নিউ জিল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়েছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে। অন্যদিকে, বাংলাদেশ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ২১ রানের ব্যবধানে।

এই ম্যাচে সাকিব, মিরাজ, সাইফুদ্দিন ও সৈকত প্রত্যেকেই দুটি করে উইকেট নিয়েছেন। নিউ জিল্যান্ডের রস টেলর ৮২ রান করে হয়েছেন ম্যাচ সেরা। এছাড়াও কেন উইলিয়ামস করেন ৪০ রান।

এরআগে টস হেরে ব্যাট করতে নেমে ২৪৪ রানে অলআউট হয় টাইগাররা।

প্রথম ম্যাচের জয়ের শক্তি নিয়ে দ্বিতীয় ম্যাচের শুরুটা দারুণ করেন টাইগার দলের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। এরপর নয় ওভারের মাথায় হেনরির বলে বোল্ড আউট হন সৌম্য। ব্যাট হাতে এই দিন ২৫ রান করেছেন সৌম্য। এরপর উইকেটে আসেন সাকিব আল হাসান।

খেলার ১৪ ওভারের মাথায় ক্যাচ আউটের শিকার হন তামিম। ২৪ রানেই থেমে যায় দেশ সেরা বাঁ-হাতি এই ওপেনারের ইনিংস। এরপর মুশফিককে সাথে নিয়ে ব্যাটিং করতে থাকেন সাকিব। কিন্তু ২৪ ওভারের মাথায় দুই জনের ভুল বুঝাবুঝিতে রানআউট হন মুশফিক। এরপর উইকেটে চাপ সামলিয়ে নিউ জিল্যান্ডের বোলারদের মোকাবেলা করতে থাকেন সাকিব। প্রথম ম্যাচে দুর্দান্ত হাফ- সেঞ্চুরির পর এই ম্যাচে তুলে নেন ফিফটি। এটি তাঁর ক্যারিয়ারের ৪৪তম ফিফটি ।

এরপর ৩১ ওভারে সাকিব ৬৪ রানে বিদায় নিলে চাপের মুখে টাইগাররা। সেই চাপ কাটিয়ে কিছুটা স্বস্তি ফিরে আনে মিথুনের ব্যাট। তবে সেটি ক্ষণিকের জন্য ২৬ রান করে তিনিও বিদায় নেন। পরে মাহমুদুল্লাহ ধীরে খেলে ফেরেন ২০ রান করে। শেষদিকে সাইফউদ্দিন ২২ বলে ২৯ রান করায় আড়াশ'র কাছে লক্ষ্য দিতে পারে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত