স্পোর্টস ডেস্ক

১৫ জুন, ২০১৯ ১৮:০৬

অনুশীলনে মুশফিকের ইনজুরি

অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শনিবার (১৫ জুন) টনটনে নেটে ব্যাটিংয়ের সময় ডান হাতে ব্যথা পান এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। তাকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা যায়, সমারসেটের মাঠে অনুশীলন করছিলেন মুশফিক। অনুশীলনের সময় তাঁর ডান হাতের কব্জিতে বল লাগায় দ্রুত নেট ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান। প্রাথমিক শুশ্রূষা দেওয়া হচ্ছে তাঁকে।

আগামী সোমবার নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। চোটের কারণে এই ম্যাচে মুশফিক খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে বাঁ পায়ের ঊরুতে ব্যথা পাওয়ার কারণে বিশ্রামে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে খেলতে পারেন তিনি।

গত শনিবার কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় ঊরুতে ব্যথা পান সাকিব। এর পরই সাকিবের খেলা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় বাংলাদেশকে। এর পর ব্রিস্টলের একটি হাসপাতালে চোটের জন্য স্ক্যানও করানো হয় তাঁর।

এবারের বিশ্বকাপে দারুণ উজ্জ্বল সাকিবের ব্যাট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৫ ও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬৪ রান করেন তিনি। আর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলেন ১১৯ বলে ১২১ রানের চমৎকার একটি ইনিংস। বিশ্বকাপে এটি বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি এবং সাকিবের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি।

আপনার মন্তব্য

আলোচিত