১৭ জুন, ২০১৯ ১২:৪৯
এবারের বিশ্বকাপে প্রতিপক্ষের চেয়ে বেশি শক্তিশালী ছিল বৃষ্টি। সেজন্য এই বিশ্বকাপকে অনেকেই বৃষ্টিকাপ বলে আখ্যায়িত করেছেন। তাই মাঠের লড়াই ছাপিয়ে তাই যত কথা ওই এক বৃষ্টি নিয়েই। বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ার পর সবার ভয়ের কারণ এখন বৃষ্টি।
আজ সোমবার (১৭ জুন) টন্টনের সমারসেট কাউন্টি ক্লাবের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই বাংলাদেশি সমর্থকদের উদ্বেগ-উৎকণ্ঠা একটাই। খেলা হবে তো? ব্রিস্টলের মতো আবার বৃষ্টি বাগড়া দেবে না তো? দেশে কোটি টাইগার ভক্ত-সমর্থকদের এই কৌতূহলী প্রশ্নের উত্তরে আশার আলো জ্বালাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। জানা গেছে, আজ ১৭ জুন সোমবার, টন্টনে বৃষ্টির সম্ভাবনা খুব কম। সকাল ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত তাপমাত্রা ওঠা নামা করলেও শতকরা হিসেবে বৃষ্টির সম্ভাবনা বেশ কম। সর্বোচ্চ ২১ শতাংশ।
এদিকে বিবিসির আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, আকাশে খানিকটা মেঘ জমে থাকবে। হয়তো বাতাস বইবে ভালোই। কিন্তু সারাদিনে বৃষ্টি পড়ার সম্ভাবনা ৬ থেকে ২১ শতাংশ।
টনটনে স্থানীয় সময় ভোর ৪.৫৭ মিনিটে সূর্য উঠেছে। এরপর সকাল সাড়ে ৬টায় এ প্রতিবেদন তৈরির সময়, আকাশের অবস্থা বেশ ভালো। যদিও চিরাচরিত সেই মেঘ আর রোদের খেলা চলছে। কখনো মেঘ ভেদ করে সূর্যের দেখা মিলছে তো আবার কোনো সময় মেঘ এসে সূর্যকে ঢেকে দিচ্ছে।
তবে বৃষ্টি নেই আপাতত সেটাই স্বস্তি। আশা করা যাচ্ছে আজকের দিনটি এমন বৃষ্টি ছাড়াই কেটে যাবে। সুতরাং, ভক্ত-সমর্থকরা আশা করতেই পারে, নির্বিঘ্নেই হতে চলেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের গুরুত্বপূর্ণ ম্যাচ।
এর আগে, গতকাল রোদেলা সকালের দেখা মেলে টন্টনে। প্রায় ১০/১২ দিন লন্ডন, কার্ডিফ, ব্রিস্টল আর টন্টনে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন কালো মেঘে ঢাকা আকাশ, টিপটিপ বৃষ্টি আর কনকনে বাতাস-এবার যুক্তরাজ্যে টাইগারদের নিত্যকার সঙ্গী হয়ে ছিল। কিন্তু গতকাল ভোর থেকেই আকাশের গোমড়া কালো মুখ দেখতে হয়নি।
আপনার মন্তব্য