১৮ জুন, ২০১৯ ১৩:৪৬
বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ী দল হিসেবে অনন্য উচ্চতায় পৌঁছে গেলো বাংলাদেশ। সোমবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের বেঁধে দেওয়া ৩২২ রানের টার্গেট স্পর্শ করে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ী দলের তালিকার প্রথম তিনে দু’বার নিজেদের নাম লিখলো টাইগাররা।
ওয়ানডেতে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়। বিশ্বকাপের গত আসরে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৮ রান করে জয় ছিল আগের রেকর্ড। সেবার নেলসনে বাংলাদেশ জিতেছিল ৪ উইকেট হারিয়ে ৩২২ রান তুলে। উইন্ডিজদের বিপক্ষে এই বিশ্বকাপেও বাংলাদেশ তুলেছে ৩২২ রান, উইকেট হারিয়েছে তিনটি।
টনটনে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট হারিয়ে তুলেছিল ৩২১ রান। এত বড় স্কোর তাড়ায় আগে কখনোই জেতেনি বাংলাদেশ। সেটিও এবার টপকে গেল টাইগাররা।
শুধু তাই নয়, বিশ্বকাপের আসরে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডে শীর্ষ তিনের দুটিতেই নাম লেখা হলো টাইগারদের। শীর্ষে আছে আয়ারল্যান্ড। ২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলেছিল ৩২৭ রান। ৫ বল হাতে রেখে বিশাল এই রান তাড়া করে জেতে আইরিশরা। তাদের হাতে ছিল আরও ৫টি উইকেট।
স্কটল্যান্ডের বিপক্ষে গত বিশ্বকাপের ম্যাচ আর এই আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতে সর্বোচ্চ রান তাড়া করায় টাইগাররা আছে দুইয়ে এবং তিনে। ২০ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
আপনার মন্তব্য