২০ জুন, ২০১৯ ১৯:৫৫
টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ৩৮২ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি এবং উসমান খাজা ও অ্যারন ফিঞ্চের ফিফটিতে এ বিশাল সংগ্রহ গড়ে তারা।
টাইগার বোলারদের ভুগিয়ে দুর্দান্ত গতিতেই এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতেই বড় সংগ্রহের ভিত গড়ে দলটি। তবে অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে বাংলাদেশ শিবিরে।
নিয়মিত বোলাররা ব্রেক থ্রু এনে দিতে না পারায় পার্ট টাইম বোলার সৌম্য সরকারের হাতে বল তুলে দিয়েছিলেন মাশরাফি। প্রথম ওভারেই ফেরান ফিঞ্চকে। তার বলে খেলতে গিয়ে শর্ট থার্ডম্যানে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন অসি অধিনায়ক। আউট হওয়ার আগে ৫১ বলে ৫৩ রান করেছেন ফিঞ্চ। ৫টি চার ও ২টি ছক্কায় এ রান করেছেন তিনি।
এরপর উসমান খাজাকে নিয়ে ডেভিড ওয়ার্নারের ১৯২ রানের দারুণ এক জুটি। এ জুটিও ভেঙেছেন সৌম্যই। আর এ উইকেটটি যেন প্রথম উইকেটের প্রতিবিম্ব। পার্থক্য শুধু শটে। ফিঞ্চ করেছেন কাট। আর ওয়ার্নার করলেন আপারকাট। শর্ট থার্ডম্যানে ক্যাচ ধরেছেন সেই রুবেল হোসেনই। তবে এর আগে ১৪৭ বলে ১৬৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন ওয়ার্নার। ১৪টি চার ও ৫টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
উইকেটে নেমেই রুদ্ররূপে গ্লেন ম্যাক্সওয়েল। ৯ বলেই তুলে নিলেন ৩২ রান। যাতে ২টি চার ও ৩টি বিশাল ছক্কা। নিজের দশম বলটি ছিল কিছুটা ইয়র্কার ধরণের। ব্লক করেছিলেন তিনি। শর্ট থার্ডম্যানে চলে যায় রুবেলের হাতে। এর আগে প্রান্ত বদল করে সিঙ্গেল নিতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে নন স্ট্রাইক ব্যাটসম্যান খাজা ফিরিয়ে দেন তাকে। ততক্ষণে উইকেটে মাঝে ম্যাক্সওয়েল। দারুণ থ্রোতে ফিরে আসার আগেই তাকে রানআউট করেন রুবেল।
উইকেটে নেমেই বেশ হাত খুলে ব্যাট করছিলেন উসমান খাজা। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে ম্যাজিক ফিগারে যাওয়ার আগে তাকে ফিরিয়েছেন সৌম্য সরকার। তার বলে পুল করতে গেলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে। আউট হওয়ার আগে ৭২ বলে ৮৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন খাজা। ১০টি চারের সাহায্যে এ রান করেন তিনি।
স্টিভ স্মিথকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। তার লো ফুলটস ঠিকভাবে খেলতে না পারলে আঘাত হানে প্যাডে। আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন। তবে লাভ হয়নি। ২ বলে ১ রান করেছেন স্মিথ।
অস্ট্রেলিয়ার ইনিংসের ৪৯তম ওভারে হঠাৎই বৃষ্টির ঝাপটা। তাতে ইনিংসের এক ওভার আগেই খেলা থামাতে হয়। সেই বৃষ্টি অবশ্য মিনিট পাঁচেক পরই উধাও।
বৃষ্টি শেষ হলে ৫০ তম ওভারে স্কোরবোর্ডে আরও ১৩ রান যোগ করে অসিরা।
আপনার মন্তব্য