২৩ জুন, ২০১৯ ১৯:৫৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে কাঁধে চোট পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন। সে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মোসাদ্দেককে পায়নি বাংলাদেশ দল। সাইফ উদ্দিনও পিঠের ব্যথায় খেলতে পারেননি সেদিন। মোসাদ্দেক-সাইফ উদ্দিনের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল সাব্বির রহমান আর রুবেল হোসেন। দুজনেই হয়েছেন ব্যর্থ। তাই বাংলাদেশ পরের ম্যাচেই মোসাদ্দেক-সাইফকে খুব করে চাচ্ছে।
বাংলাদেশের হয়ে এ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি সাইফ উদ্দিন। অন্যদিকে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন দিয়েও ম্যাচের ব্রেক থ্রু নিয়ে আসতে পারেন মোসাদ্দেক। অস্ট্রেলিয়া ম্যাচের পর মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, এই দুজনের অভাব দারুণভাবে অনুভব করেছে দল।
আগামীকাল সোমবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ।বাংলাদেশ দলের নির্বাচক মিনহাজুল মোসাদ্দেকের চোটের সর্বশেষ অবস্থা বলতে গিয়ে বলেন, ‘মোসাদ্দেক ফিট। একদম ঠিক আছে। খেলার জন্য পুরোপুরি সুস্থ।’
সাইফ উদ্দিনকে নিয়ে রয়েছে একটু ধোঁয়াশা। সে কথাও জানালেন মিনহাজুল, ‘সাইফের ব্যাপারে ফিজিও এখনও আমাদের বলেননি যে এটি বড় কোনো ইনজুরি। অনেক সময় খেলার পর যে একটু জড়তা আসে, সেটা আছে। এটা বড় কিছু কিনা এখনও জানি না। ওর দেখভাল করছেন ফিজিও। আজকে ফিজিও দেখে ওর অবস্থা আমাদের জানাবেন। এরপর বোঝা যাবে।”
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান নিশ্চিত করেন যে, পেস অলরাউন্ডার সাইফুদ্দিন পিঠের চোট থেকে এখনও সেরে ওঠেননি। আকরামের ভাষায়, ‘মোসাদ্দেকের পরের ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি। সাইফ উদ্দিনেরটা এখনও ফিফটি ফিফটি অবস্থায় আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব, ফেরানোর চেষ্টা করছি। ট্রিটমেন্ট চলছে। আশা করি ঠিক হয়ে যাবে।’
আপনার মন্তব্য