২৩ জুন, ২০১৯ ২২:১০
আইসিসির ক্যামেরার সামনে বিশেষ সাক্ষাৎকারের সময় মিরাজের মাথায় লাগা বলের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
তিনি জানান, প্রাথমিকভাবে আঘাতটা গুরুতর নয় বলে নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, ম্যাচের আগের দিন দলের একজনকে আইসিসির ক্যামেরার সামনে বিশেষ সাক্ষাৎকার দিতে হয়। রোববার সেই আনুষ্ঠানিকতায় পাঠানো হয় মেহেদী হাসান মিরাজকে। গ্যালারির একটি কোণা বেছে সেখানেই ক্যামেরা সেট করা হয়। সাক্ষাৎকারের কিছুটা সময় পার হতেই একটি বল হঠাৎ এসে মিরাজের মাথায় লাগে। ক্যামেরা চলতে চলতেই আহত মিরাজ শুয়ে পড়েন সেখানে।
সেন্টার উইকেটের পাশে তখন নেটে ব্যাটিং করছিলেন সাব্বির। তারই হাঁকানো একটি বল বাউন্ডারির বাইরে বিজ্ঞাপন বোর্ডে ধাক্কা লেগে আঘাত হানে মিরাজের মাথায়। ফিজিও দৌড়ে আসেন, ছুটে আসেন মুশফিক। কয়েক সেকেন্ড ওখানেই শুয়ে থাকার পর মিরাজ উঠে বলেন, 'সব ঠিক আছে।' এমনকি তখন ব্যাটিংও করতে চেয়েছিলেন।
কিন্তু যেহেতু আঘাতটি মাথায়, তাই কোনো ধরনের ঝুঁকি নিতে দেননি ফিজিও। চোখের সামনে আঙুল ধরে তিনি নিশ্চিত হন, জ্ঞান হারাননি মিরাজ। এরপর তাকে ড্রেসিংরুমে ফিরিয়ে নেওয়া হয়।
আপনার মন্তব্য