২৫ জুন, ২০১৯ ০১:৩০
প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান করার পাশাপাশি বল হাতে ৩০ উইকেট শিকারের ‘ডাবল’ পূর্ণ করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ (৯৭৮ রান ও ২৭ উইকেট) ও শ্রীলংকার সনাথ জয়াসুরিয়াকে (১১৬৫ রান ও ২৭ উইকেট) টপকে হাজার রান ও ৩০ উইকেট শিকারের গৌরব অর্জন করতে আফগানিস্তান ম্যাচে সাকিবকে ৩৫ রান করার পাশাপাশি বল হাতে দুই উইকেট নিতে হতো। কিন্তু উভয় বিভাগেই এর চেয়ে বেশিই করেছেন। ব্যাট হাতে ৬৯ বলে ৫১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন। এরপর বল হাতে দেখিয়েছেন ঘূর্ণি জাদু। আফগানদের বিপক্ষে ৫ উইকেট নেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর মধ্য দিয়ে বিশ্বকাপের এক অভিজাত ক্লাবের ‘একমাত্র’ সদস্য হয়ে যান তিনি।
২০০৭ থেকে এখন পর্যন্ত মোট চারটি বিশ্বকাপে ২৭ ম্যাচ খেলে ৩৩ উইকেট শিকার করলেন সাকিব। চলতি আসরে এখন পর্যন্ত নিয়েছেন ১০ উইকেট। বিশ্বকাপে সর্বোচ্চ ৭১ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন ভারতের শচীন টেন্ডুলকার। মোট ছয়টি বিশ্বকাপ খেলা শচীন ৩৪ ম্যাচে করেন ২২৭৮ রান। রান করায় সাকিব রয়েছেন এ তালিকায় ১৬তম স্থানে।
গতকাল ম্যাচসেরার পুরস্কার নিয়ে সাকিব বলেন, ‘পাঁচ উইকেট আমাকে অনেক আনন্দিত করেছে। ফিফটির জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। বিশ্বকাপের আগে আমি কঠোর পরিশ্রম করেছি, নিজেকে তৈরি করেছি; যার পুরস্কার এখন পাচ্ছি। ভারত ও পাকিস্তানের বিপক্ষে আমাদের পরের দুটি ম্যাচ বেশ বড়।’
আপনার মন্তব্য