২৭ জুন, ২০১৯ ১৬:৫১
ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করছে ভারত।
বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা, গাজী টিভি ও স্টার স্পোর্টস-১।
ইংল্যান্ডের মাটিতে ৩৬ বছর পর প্রথমবার বিশ্বমঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। প্রায় চার দশক আগে বিশ্বকাপের তৃতীয় আসরের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নতুন আগমনী বার্তা শুনিয়েছিল কপিল দেবের দল।
সব মিলিয়ে বিশ্ব আসরে দুই দলের দেখা হয়েছে ৮ বার। ৫-৩ ব্যবধানে এগিয়ে ভারত। সবশেষ ক্যারিবিয়ানরা জিতেছিল ১৯৯২ সালের বিশ্বকাপে।
ভারতের মুখোমুখি হওয়ার আগে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে খুব কাছ থেকে জয় হাতছাড়া হয়েছে উইন্ডিজের। কার্লোস ব্র্যাথওয়েটের বীরত্ব মাটি করে দিয়ে জিতেছিল কিউইরা। তবে ৬ ম্যাচে মাত্র এক জয় পাওয়া ক্যারিবিয়ানদের আশা এখনও শেষ হয়ে যায়নি। ছিটকে পড়া দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ঠিক উপরে তারা।
তবে ইংল্যান্ডের টানা দুটি হার ওয়েস্ট ইন্ডিজকে আবার সেমিফাইনালে ওঠার সুযোগ করে দিয়েছে। শেষ তিন ম্যাচ জিততেই হবে তাদের। কিন্তু একটি হারই শেষ করে দিবে তাদের সব স্বপ্ন। ভারত জিতলে সেমিফাইনালের পথে ফেলবে বড় ধাপ।
এই কঠিন মিশনে ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে না তাদের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। ইনজুরি নিয়ে শঙ্কায় এভিন লুইস। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। পরে ওপেনিংয়ে ব্যাট করতে পারেননি, ৮ নম্বরে নেমে তিন বল খেলে শূন্য রানে বিদায় নেন।
এবারের টুর্নামেন্টে ক্রিস গেইল ও শাই হোপের সময় যাচ্ছে ভালো-মন্দের মধ্যে দিয়ে। তবে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের ঝামেলা কাটেনি। তারাই একমাত্র দল যাদের উদ্বোধনী জুটি এখনও পঞ্চাশ ছোঁয়নি। এই জুটিতে তাদের ব্যাটিং গড়ও বাজে- ১১.২।
রাসেলের জায়গায় ডাক পাওয়া সুনীল আমব্রিস একাদশে থাকলে এই সমস্যা কাটিয়ে তুলতে অবদান রাখতে পারেন। নতুন বল হাতে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনে বড় ধাক্কা দিতে তৈরি শেলডন কট্রেল। প্রথম ওভারেই নিউজিল্যান্ডের দুই ওপেনারকে ফেরান তিনি।
অন্যদিকে আফগানিস্তানের বোলারদের কাছে ভেঙে পড়ার পর আবারও ভারতের মিডল অর্ডারে দুর্দশার চিত্র ফুটে উঠেছে। বিজয় শঙ্কর, কেদার যাদব ও মহেন্দ্র সিং ধোনিকে প্রতিরোধ গড়তে হবে এই জায়গায়। অবশ্য খাদের কিনারায় থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্য পাওয়া খুব একটা সহজ হবে না ভারতের জন্য। তবে আফগানদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাওয়া জয় আত্মবিশ্বাসে এগিয়ে রাখছে বিরাট কোহলির দলকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ ওভারে রোহিত শর্মার উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৭২ রান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, শেল্ডন কোটরেল, ক্রিস গেইল, শাই হোপ (উইকেটরক্ষক), কেমার রোচ, ওশানে টমাস, সুনীল অ্যামব্রিস, ফ্যাবিয়েন অ্যালেন, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার।
ভারতের একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া।
আপনার মন্তব্য