৩০ জুন, ২০১৯ ১৯:৪০
বিশ্বকাপের চলতি আসরের ৩৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড-ভারত। হাইভোল্টেজ এ ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে চলতি বিশ্বকাপে শেষ চারে উঠার আশা বাঁচিয়ে রাখতে চায় ইংল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে আজকেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় ভারত।
এমন সমীকরণের ম্যাচে জনি বেয়ারস্টর সেঞ্চুরি ও বেন স্টোকসের দারুণ এক ইনিংসের উপর ভর করে ভারতকে বড় লক্ষ্য ছুঁড়ে দিল ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।
রোববার ইংল্যান্ডের বার্মিংহামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। ইংল্যান্ডের শুরুটা হয়েছিল দুর্দান্ত। জেসন রয়কে নিয়ে ১৬০ রানের দারুণ এক জুটি গড়েছিলেন জনি বেয়ারস্ট। সেই জুটি ভাঙেন কুলদীপ যাদব। ৫৭ বল থেকে ৬৬ রান করেন জেসন রয়।
দলীয় ২০৫ রানে ফিরেন অপর ওপেনার বেয়ারস্ট। আউট হওয়ার আগে ১০৯ বল থেকে ১০টি চার ও ৬টি ছক্কার মারে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বেয়ারস্ট। এর পরপরই মোহাম্মদ সামির বলে ফিরেছেন ইয়ন মরগান। এরপর রুট ও বেন স্টোকস চতুর্থ উইকেটে ৭০ রানের জুটি গড়েন। দলীয় ২৭৭ রানে রুট আউট হন ব্যক্তিগত ৪৪ রানে।
এরপর একপ্রান্তে স্টোকস দুর্দান্ত খেললেও অপরপ্রান্ত থেকে আউট হয়ে যান জোস বাটলার ও ক্রিস ওয়েকস। শেষ পর্যন্ত ৫৪ বল থেকে ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলে বিদায় নেন স্টোকস।
বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারতকে। ছয়টি ম্যাচ খেলে তারা জিতেছে পাঁচটিতেই। আরেকটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। ফলে, আজ ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনালের জায়গাটা নিশ্চিত করে ফেলবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সেদিক থেকে বেশ খানিকটা পিছিয়েই আছে ইংল্যান্ড দল। সবচেয়ে বড় ফেবারিট হিসেবে নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমেছিল তারা। কিন্তু, সাত ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে গিয়ে বেশ বিপাকে আছে দলটি। আর আজ হেরে গেলে সেমির পথটা আরো কঠিন হয়ে যাবে ইয়ন মরগ্যানের দলের জন্য।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৩৭/৭ (রয় ৬৬, বেয়ারস্টো ১১১, রুট ৪৪, মর্গ্যান ১, স্টোকস ৭৯, বাটলার ২০, ওকস ৭, প্লানকেট ১*, আর্চার ০*; শামি ১০-১-৬৯-৫, বুমরাহ ১০-১-৪৪-১, চেহেল ১০-০-৮৮-০, পান্ডিয়া ১০-০-৬০-০, কুলদীপ ১০-০-৭২-১)
আপনার মন্তব্য