০৮ জুলাই, ২০১৯ ১১:৫৯
কোপা আমেরিকা টুর্নামেন্টের রেফারিংয়ের তীব্র সমালোচনা করেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ব্রাজিল কোচ তিতে অবশ্য তার সমালোচনাই করেছেন। বলেছেন, মেসির উচিত অন্যকে সম্মান করে কথা বলা।
লিওনেল মেসি বোমা ফাটিয়েছেন গত পরশু। তাঁর মতে, এবারের কোপার সব আয়োজন নাকি ব্রাজিলকে শিরোপা জেতাতেই!
আর্জেন্টাইন তারকার এ মন্তব্য ঝড় তুলেছে ফুটবল দুনিয়ায়। সমালোচনাও জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, মেসি যে উচ্চতার তারকা তারকা, তাঁর এমন ঢালাও মন্তব্য করা ঠিক হয়নি।
পেরুকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করার পর মেসিকে কিছুটা ফিরিয়েও দিলেন ব্রাজিল কোচ তিতে। তিনি বলেছেন, মেসির উচিত একটু সম্মানের সঙ্গে কথা বলা।
কোপার রেফারিং নিয়ে মেসির অভিযোগ ছিল। তিনি নিজেও চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে লাল কার্ড দেখেছেন।
ব্রাজিল কোচ অবশ্য মনে করেন, দুনিয়ার সব দলই কোনো না কোনো সময় বাজে রেফারিংয়ের শিকার হয়েছে। এটা নিয়ে ক্ষোভ থাকতে পারে। কিন্তু দিন শেষে ম্যাচের ফল মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ, ‘আমরা অনেক ম্যাচেই বাজে রেফারিংয়ের শিকার হয়েছি। এমনকি বিশ্বকাপের ম্যাচেও। মেসিকে এটা বুঝতে হবে।’
মেসির মতো বড় তারকার মুখে এমনসব কথাবার্তা শোভা পায় না বলেই মনে করেন তিতে, ‘তাঁর উচিত সম্মানের সঙ্গে কথা বলা। হারের পর পুরো সেটি অনুধাবন করা আর তা মেনে নেওয়া খেলারই অংশ।’
ফাইনালে পেরুর পাওয়া পেনাল্টিটি নিয়ে অভিযোগ আছে তিতের। তাঁর মতে, এটি পেনাল্টি ছিল না। কিন্তু তিনি পুরো ব্যাপারটিকেই খেলার অংশ বলেই মনে করেন, ‘পেরুর পেনাল্টিটি ছিল না। এসব ব্যাপারে সতর্ক হতে হবে সবাইকে। কোনো মন্তব্যের সময় অন্যকে সম্মান দিতে হবে। আমরা আজ যেমনটা দেখিয়েছি।’
পেরুর আর্জেন্টাইন কোচ রিকার্ডো গ্যারেকা তিতের সঙ্গে একমত। তিনি মনে করেন, মেসি যা-ই বলুন না কেন, তাঁর সঙ্গে একমত হওয়ার কোনো কারণ নেই, ‘মেসি অনেক বড় খেলোয়াড় হতে পারে। কিন্তু তার মানে এই না যে সব ব্যাপারে তাঁর সঙ্গে একমত হতে হবে।’
ব্রাজিল মিডফিল্ডার ক্যাসেমিরো অবশ্য মেসির মন্তব্যের বিপরীতে কিছু বলতে রাজি হননি। তাঁর মতে, যে কেউ যা কিছু বলতে পারে। কোনো সমস্যা নেই। চলুন, আজ আমরা কেবল ব্রাজিলের জয় নিয়েই কথা বলি।’
আপনার মন্তব্য