স্পোর্টস ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০১৯ ১০:০০

বেলের জোড়া গোলে বাঁচল রিয়াল মাদ্রিদ

ভিয়ারিয়ালের বিপক্ষে হারের শঙ্কায় পড়া রিয়াল মাদ্রিদকে বাঁচালেন গ্যারেথ বেল। দুবার পিছিয়ে পড়া জিনদিনে জিদানের দল ড্র করল বেলের সৌজন্যে।

ভিয়ারিয়ালের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এনিয়ে এবারের লিগে টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো রিয়াল। সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়ে লিগ শুরু করা জিদানের দল গত সপ্তাহে রিয়াল ভাইয়াদলিদের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল।

ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে রিয়াল। মাঝমাঠে সের্হিও রামোসের ভুলে বল পেয়ে জেরার্দ মোরেনো এগিয়ে গিয়ে ডিফেন্ডার রাফায়েল ভারানের দুই পায়ের ফাঁক দিয়ে ডি-বক্সে সতীর্থকে পাস দেন। ক্যামেরুনের ফরোয়ার্ড তোকো একাম্বির দুর্বল শট গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকালেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আলগা বল সহজেই জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড মোরেনো।

বিরতির ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে রিয়াল। ডান দিকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে দানি কারভাহালের বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়ে অনায়াসে লক্ষ্যে পাঠান ওয়েলসের ফরোয়ার্ড বেল।

৭৫তম মিনিটে আবারও গোল খেয়ে বসে রিয়াল। হাভিয়েরের গোলমুখে বাড়ানো বল টোকা দিয়ে ঠিকানায় পাঠান স্প্যানিশ মিডফিল্ডার মোই গোমেস।

৮৬তম মিনিটে হার এড়ানো গোলের দেখা পায় রিয়াল। লুকা মদ্রিচের পাস ডি-বক্সে পেয়ে এক জনকে কাটিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন বেল।

তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

দিনের আরেক ম্যাচে এইবারকে ৩-২ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। শনিবার ওসাসুনার মাঠে ২-২ ড্র করা বার্সেলোনার পয়েন্ট ৪।

আপনার মন্তব্য

আলোচিত