০৩ সেপ্টেম্বর, ২০১৯ ১১:১৫
বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যাওয়ার কদিনের মাথায় গণমাধ্যমের খবর অনুযায়ী পূর্বের ক্লাবের যাওয়ার কথা জানাচ্ছিলেন নেইমার। এবারের দলবদলের উইন্ডো খোলার পর বার্সা-পিএসজির দরকষাকষির সূত্র ধরে জোরালো হচ্ছিল সে সম্ভাবনাও, কিন্তু বাস্তবে তার কিছুই ঘটেনি। পিএসজিতেই থাকছেন নেইমার।
নেইমারকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছিল রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস আর বার্সেলোনা। কিন্তু অফিসিয়াল আলোচনায় সব সময়েই এগিয়ে ছিল কাতালান ক্লাবটি। স্পেনভিত্তিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী বার্সা-পিএসজি মতৈক্যে পৌঁছেছে এমনও খবর দিয়েছিল। বার্সা ও পিএসজির দুই প্রেসিডেন্ট মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে এনিয়ে আলোচনা করেছিলেন বলেও জানিয়েছিল খেলাধুলাভিত্তিক গণমাধ্যমগুলো। অথচ গ্রীষ্মকালিন দলবদল শেষে দেখা গেল পিএসজিতেই নেইমার থাকছেন, দলবদল করা হয়নি তার।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত কয়েক দিনে মোট তিনটি প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। কিন্তু এর কোনোটিই পছন্দ হয়নি ফরাসি চ্যাম্পিয়নদের। গত শুক্রবার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোও তাদের চাওয়া পূরণ না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আর উপযুক্ত প্রস্তাব না এলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে প্যারিসেই থাকতে হবে বলে তখনই মন্তব্য করেছিলেন এই কর্মকর্তা।
শেষ পর্যন্ত তাই হলো। অন্তত আগামী দল-বদলের ‘উইন্ডো’ খোলার আগ পর্যন্ত পিএসজিতেই থাকছেন ২০১৭ সালের অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে দলটিতে যোগ দেওয়া নেইমার।
মেসের বিপক্ষে শুক্রবার ২-০ গোলে পিএসজির জয়ের পর লিওনার্দো আরও জানিয়েছিলেন যে, এই মুহূর্তে ক্লাবের সঙ্গে নেইমারের সঙ্গে খুব একটা ভালো নয়। আর নিজে থেকে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে হয়তো সমর্থকদের কাছেও আগের জায়গা হারিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। তাই পিএসজিতে নিজের জন্য সবকিছু পূর্বের মতো করে তোলাটা নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নেইমারের সামনে।
আপনার মন্তব্য