০৭ অক্টোবর, ২০১৯ ০৯:১৯
লা লিগার ম্যাচে সেভিয়ার জালে ৪ গোল দিয়েছে বার্সেলোনা। লিওনেল মেসি, লুইস সুয়ারেস, আর্তুরো ভিদাল ও উসমান দেম্বেলের গোলে পয়েন্ট তালিকায় দুই নম্বরে ওঠে এসেছে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার ঠিক ওপরে রয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ২৭তম মিনিটে সুয়ারেসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় বার্সেলোনা। নেলসন সেমেদোর দারুণ ক্রসে বাঁ পায়ের বাইসাইকেল কিকে জাল খুঁজে নেন উরুগুয়ের স্ট্রাইকার। চলতি আসরে এটি তার চতুর্থ গোল।
৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পাওয়া ভিদাল। আর্থারের চমৎকার ক্রসে ছুটে গিয়ে দারুণ স্লাইডে ঠিকানা খুঁজে নেন অরক্ষিত এই মিডফিল্ডার।
দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ান দেম্বেলে। আর্থারের কাছ থেকে বল পেয়ে গতি আর পায়ের কারিকুরি দিয়ে ডিফেন্ডারদের বিভ্রান্ত করে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন এই ফরাসি ফরোয়ার্ড।
৭৮তম মিনিটে দারুণ এক ফ্রি কিকে খরা কাটালেন আর্জেন্টাইন তারকা। প্রথমবারের মতো বল পাঠালেন জালে।
৮৭তম মিনিটে জোড়া ধাক্কা খায় বার্সেলোনা। হাভিয়ের এর্নানদেসকে ফাউল করে লাল কার্ড দেখেন অভিষিক্ত ডিফেন্ডার রোনালদ আরায়ো। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দেম্বেলে।
এই জয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে গেছে বার্সেলোনা। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে রিয়াল ভাইয়াদলিদের সঙ্গে গোলশূন্য ড্র করা আতলেতিকো মাদ্রিদ ১৫ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।
আপনার মন্তব্য