২১ অক্টোবর, ২০১৯ ২২:৫৭
GETTY IMAGES
বাংলাদেশের ক্রিকেট ঠিক পথে নেই- এমন অভিযোগ করে দেশের ক্রিকেটের উন্নয়নে ১১ দফা দাবি জানিয়ে ধর্মঘটে গেছেন দেশের ক্রিকেটাররা। সোমবার মিরপুরে শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে এক সংবাদ সম্মেলন করে তারা এই দাবি তুলে ধরেন।
ক্রিকেটাররা বলছেন, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সব ধরণের প্রতিযোগিতামূলক ম্যাচ ও অনুশীলনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন। এমন এক সময়ে এই ধর্মঘটের ডাক দিলেন বাংলাদেশের ক্রিকেটাররা, যখন আগামী মাসেই একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবার জন্য ভারত যাওয়ার কথা রয়েছে জাতীয় দলের।
সংবাদ সম্মেলনে এক একজন ক্রিকেটার এক একটি দাবির কথা তুলে ধরেন এবং তাদের বক্তব্য জানান।
ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সাকিব জানিয়েছেন, দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত কোন ধরণের ক্রিকেট কার্যক্রমে অংশ নেবেন না ক্রিকেটাররা। যেহেতু অনূর্ধ্ব-১৯ দলের সামনে বিশ্বকাপ আছে, তাই তাদেরকে এই ধর্মঘটের আওতায় রাখা হচ্ছে না বলে জানিয়েছেন সাকিব।
এদিকে, দেশের সকল ক্রিকেটাররা যখন দেশের ক্রিকেটের স্বার্থের কথা বলে এমন দাবি জানাচ্ছেন তখন দৃশ্যপটে নেই বাংলাদেশের ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। ক্রিকেটারদের সংবাদ সম্মেলনে তিনি ছিলেন না।
মাশরাফি কেবল বাংলাদেশের ওয়ানডে অধিনায়কই নন, তিনি ক্ষমতাসীন দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্যও। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রয়েছেন একাধিক সংসদ সদস্যও। তাদের একজন হচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এবং অন্যজন পরিচালক নাইমুর রহমান দুর্জয়। ক্রিকেটারদের দাবিও তাই সাংসদ ও বিসিবি প্রধানের নেতৃত্বাধীন বোর্ডের কাছেই।
ক্রিকেটারদের এই ধর্মঘটের সময়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন মাশরাফি। এখনই কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
বিবিসি বাংলাকে মাশরাফি বলেন, যখন ক্রিকেট নিয়ে কথা বলবো তখন ক্রিকেটের কথা, এখন নয়। এখন এই বিষয়ে কোনো কথা বলবো না।
তিনি আরও বলেন, "বিশ্বকাপের পরে আর ক্রিকেট নিয়ে কথা বলছিনা আমি, আবার যখন ফিরবো তখন কথা হবে।"
উল্লেখ্য, ক্রিকেটারদের এই সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, মিরাজ, ইমরুল, সৌম্য, মুশফিক, সাইফউদ্দিন, এনামুল বিজয়, মুমিনুল, মিঠুন, জুনায়েদ সিদ্দিকী, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শফিউল ইসলাম, তাসকিন, মোস্তাফিজসহ প্রথম শ্রেণির ক্রিকেট খেলা পঞ্চাশের বেশি ক্রিকেটার উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য