২৪ নভেম্বর, ২০১৯ ২১:৪৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে টেস্ট খেলার গুরুত্ব বুঝতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। ইন্দোর ও ইডেন টেস্টে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর সংবাদ সম্মেলনে এসে কোহলি বললেন টেস্ট ক্রিকেট বাংলাদেশের অনিয়মিত ভাবে খেলার প্রসঙ্গও। এজন্যে তিনি বিসিবিকে দায়িত্ব দেওয়ার কথাই বললেন।
কেন বাংলাদেশ দলের এই ভরাডুবি? প্রতিপক্ষের অধিনায়ক হিসেবে সেটি ব্যাখ্যা করতে গিয়ে কোহলি বললেন, ‘প্রথমত, তারা তাদের দুজন অভিজ্ঞ খেলোয়াড়কে পায়নি। সাকিব নেই, তামিম নেই। মুশফিক ছিল, মাহমুদউল্লাহ ছিল। দুজন খেলোয়াড়ের ওপর ভরসা করে তো আর দলকে সামনে এগিয়ে নেওয়া যায় না। বাকিরা তরুণ, তাদের আরও অভিজ্ঞ হতে হবে।’
অভিজ্ঞতার যে পার্থক্য বললেন, কোহলি সেটির আরেকটু বিশদ ব্যাখ্যা দিলেন, ‘তারা যদি আরও টেস্ট খেলে তবে আরও অভিজ্ঞ হবে। যদি দুই টেস্ট খেলে মাঝে ছয় মাসের বিরতি পড়ে যায় তাহলে আপনি বুঝবেন না চাপ কীভাবে সামলাতে হয় অথবা চাপের মধ্যে খেলতে হয়। দেখুন তাদের স্কিল আছে। তাদের সামর্থ্য আছে বলেই তো আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তবে আরও ভালো করতে নিয়মিত ম্যাচ (টেস্ট) খেলতে হবে। তাদের খেলোয়াড় ও বোর্ডকে বুঝতে হবে টেস্টের গুরুত্ব কতটা। টেস্টে ভালো করার এটাই একমাত্র উপায়।’
বাংলাদেশ-ভারতের টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছে ইশান্ত শর্মা। ইডেন টেস্টে ম্যাচ অব দ্য সিরিজও কোহলি। তবে সব আলোচনা কোহলি নিয়েই। লাল বলের মত গোলাপি বলেও সেই একই কোহলি। ইডেনে ভারতের একমাত্র ইনিংসে করেছেন ঝলমলে সেঞ্চুরি। গোলাপি বলে কোহলিরও এটা ছিল প্রথম ম্যাচ, এবং প্রথম ম্যাচেই সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক।
আপনার মন্তব্য