২৭ নভেম্বর, ২০১৯ ২৩:৫৬
শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন দেশটির উত্তর প্রদেশের গভর্নর হিসেবে কার্যভার গ্রহণ করতে চলেছেন। লঙ্কা দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এ ঘোষণা দিয়েছেন।
সদ্য তিনজন নতুন গভর্নরের নাম ঘোষণা করেছেন লঙ্কান প্রেসিডেন্ট। এর একজন হলেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী সাবেক স্পিনার মুরালি।
গাল্ফ নিউজসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাজাপাকসে খুব করে চাচ্ছিলেন উত্তর প্রদেশের গভর্নরের দায়িত্ব নিন মুরালি। অবশ্য প্রেসিডেন্টের অনুরোধ ফেলতে পারেননি তিনি।
যতদিন খেলেছেন, শ্রীলঙ্কা ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন মুরালি। ক্যারিয়ারে বিশ্বকাপও জিতেছেন তিনি। এককথায় প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাছে ত্রাস ছিলেন এ মায়াবি ঘূর্ণি জাদুকর।
আইপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন মুরালি। তবে সক্রিয় রাজনীতিতে কখনো আসেননি তিনি। এবার অবশ্য একদম নতুন ভূমিকায়। ক্রিকেট মাঠ নয়, গভর্নরের সামলাতে হবে ৪৭ বছর বয়সী ক্রিকেটারকে।
আপনার মন্তব্য