স্পোর্টস ডেস্ক

২৮ নভেম্বর, ২০১৯ ০৪:০১

ভ্যালেন্সিয়ার বিপক্ষে চেলসির ড্র

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করতে জয়ের দরকার ছিল চেলসির। এগিয়েও ছিল তারা ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত, কিন্তু শেষ দিকে গোল খেয়ে ভালেন্সিয়ার সঙ্গে ড্র করেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। পয়েন্ট হারানোয় শেষ ষোলোয় ওঠার অপেক্ষা বাড়লো তাদের।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে শেষ পর্যন্ত ২-২ ড্র করে ফিরেছে চেলসি।

ম্যাচের ৪০তম মিনিটে এগিয়ে যায় ভালেন্সিয়া। ডান দিক থেকে রদ্রিগোর ডি-বক্সে বাড়ানো বল সাইড ফুট শটে জালে পাঠান কার্লোস সলের।

পরের মিনিটেই ২০ গজ দূর থেকে জোরালো শটে সমতা টানেন মাতেও কোভাসিচ। স্ট্যামফোর্ড ব্রিজের দলটির হয়ে ৭১তম মিনিটে এসে গোলের দেখা পেলেন এই ক্রোয়াট মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে এগিয়ে যায় চেলসি। কার্ট জুমার হেডে গোলমুখে বাড়ানো বল অনায়াসে ঠিকানায় পাঠান যুক্তরাস্ট্রের মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিক।

৮২তম মিনিটে ড্যানিয়েল ভ্যাসের গোলে সমতায় ফেরে ভালেন্সিয়া। ডান দিক থেকে ডেনমার্কের এই মিডফিল্ডারের বাঁকানো শট দূরের পোস্টের ভিতরে দিকে লেগে জালে জড়ায়।

পাঁচ ম্যাচ শেষে দুদলের পয়েন্ট সমান ৮ করে।

আপনার মন্তব্য

আলোচিত