২৮ নভেম্বর, ২০১৯ ০৪:০৮
নিজে এক গোল করেছেন, আর বাকি দুই গোলেও ছিল তার অবদান; লিওনেল মেসির নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে বার্সেলোনা। মেসি ছাড়া বাকি দুই গোলদাতা হলেন লুইস সুয়ারেস ও অঁতোয়ান গ্রিজমান।
কাম্প নউয়ে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। বার্সার এই জয় তাদেরকে শেষ ষোলোয় জায়গা করে দিয়েছে।
ম্যাচের ২৯তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সের মুখে বল পেয়ে সুয়ারেসকে বাড়ান মেসি। ঠাণ্ডা মাথায় নিচু শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের স্ট্রাইকার। এবারের চ্যাম্পিয়ন্সন লিগে এটা তার তৃতীয় গোল।
চার মিনিট পর ওই দুজনের দারুণ বোঝাপড়াতেই দ্বিতীয় গোলের দেখা পায় লা লিগা চ্যাম্পিয়নরা। এবারের গোলদাতা মেসি। সুয়ারেসকে বল বাড়িয়ে দ্রুত বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন বার্সেলোনা অধিনায়ক এবং সতীর্থের ফিরতি পাস পেয়ে কোনাকুনি শটে আসরে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।
মৌসুমে মেসির মোট গোল হলো ১০টি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার গোল হলো ১১৪টি, মেসির সামনে আছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোই।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দুজনকে কাটিয়ে দারুণ ক্ষিপ্রতায় ডি-বক্সে ঢুকে গোলরক্ষককেও কাটাতে ব্যর্থ হয়ে ডাইভ দেন মেসি। এতে রেফারি উল্টো হলুদ কার্ড দেখান মেসিকে।
৬৭তম মিনিটে গোল করেন গ্রিজমান। একজনকে কাটিয়ে মেসির ডি-বক্সে বাড়ানো বল প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে ঠিকানায় পাঠান ফরাসি এই ফরোয়ার্ড। বার্সেলোনার জার্সিতে ইউরোপ সেরার মৌসুমে এটা তার প্রথম গোল।
৭৭তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় তারা। প্রায় ১৭ গজ দূর থেকে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে বল লক্ষ্যে পাঠান ইংলিশ মিডফিল্ডার জেডন স্যানচো।
আপনার মন্তব্য