২৯ নভেম্বর, ২০১৯ ১৬:৫০
উনাই এমেরি
আর্সেনাল ম্যানেজার উনাই এমেরি বরখাস্ত হয়েছেন। আর্সেনালে আসার ১৮ মাস পর বরখাস্ত হলেন এমেরি।
এই স্প্যানিশ কোচ আগে পিএসজিকে ফ্রেঞ্চ লিগ জিতিয়েছেন। সেভিয়ার হয়ে জিতেছেন তিনটি ইউরোপা লিগ। ২০১৮ সালের মে মাসে আর্সেন ওয়েঙ্গারের জায়গায় দায়িত্ব পান তিনি।
আর্সেনালের কর্মকর্তারা বিবৃতিতে জানিয়েছেন, ‘পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সব প্রতিযোগিতা মিলে শেষ সাত ম্যাচে কোনো জয় পায়নি আর্সেনাল। এই অবস্থায় তাকে রাখা হবে না বলে আগে থেকে ইঙ্গিত মিলছিল।
এমেরিকে সরিয়ে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে আর্সেনালের সাবেক মিডফিল্ডার ফ্রেডি লুজেনবার্গকে।
দলটি প্রিমিয়ার লিগে সর্বশেষ জয় পেয়েছে সেই ৬ অক্টোবর। আর্সেনাল বলছে, ‘সামনের দিকে এগিয়ে যেতে ফ্রেডির ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।’
‘নতুন কোচের সন্ধান শুরু হয়েছে। সব শেষ হলে পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে।’
আপনার মন্তব্য