স্পোর্টস ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৯ ২৩:০২

লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুদলেরই পয়েন্ট ছিল সমান, তবে গোল ব্যবধানে রিয়ালকে টপকে শীর্ষে ছিল বার্সা। তবে শনিবার দেপোর্তিভো আলাভেসের মাঠ থেকে জয় এনে শীর্ষে পৌঁছে গেছে জিনদিনে জিদানের দল।

আলাভেসের বিপক্ষে রিয়ালের জয় আসে ২-১ গোলে। তাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোসরা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে সের্হিও রামোসের গোলে এগিয়ে যায় রিয়াল। লুকাস পেরেস সমতা টানার পর মাদ্রিদের দলটির জয়সূচক গোলটি করেন দানি কারভাহাল। গত বছরের অক্টোবরে আলাভেসের মাঠে ১-০ গোলে হেরেছিল রিয়াল।

১৪ ম্যাচে ৩১ পয়েন্ট রিয়ালের। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট ২৮। রোববার রাত ২টায় লা লিগার আরেক জায়ান্ট অ্যাটলেটিকা মাদ্রিদের মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা। সে ম্যাচে জিততে পারলে গোল ব্যবধানে শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ অবশ্য থাকছে এরনেস্তো ভালভারদের দলের।

আলাভেসের মাঠে বলের দখল ধরে রাখলেও গোল পেতে রিয়ালকে অপেক্ষায় থাকতে হয়েছে ৫২ মিনিট পর্যন্ত। ফ্রি-কিক নিয়েছিলেন টনি ক্রুস। সতীর্থের স্পটকিকে দারুণ এক হেডে দলকে এগিয়ে নেন অধিনায়ক সার্জিও রামোস।

গোল পেলেও রামোসের দোষে দ্রুতই গোল হজম করতে হয়েছে রিয়ালকে। ৬৩ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সে আলাভেসের জোশেলুরকে মুখে কনুই মেরে বসেন রামোস। রিয়াল অধিনায়ককে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি আলাভেসের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে গোল আদায় করে নেন লুকাস পেরেজ।

সমতায় থাকা ম্যাচে রিয়ালকে জয় এনে দেন দানি কারভাহাল। ৬৯ মিনিটে ডানপ্রান্ত ধরে গোল বরাবর শট নিয়েছিলেন লুকা মদ্রিচ। ক্রোয়েট মিডফিল্ডারের শট আলাভেস গোলরক্ষক পাঞ্চ করে ফিরিয়ে দিলে বল পান কারভাহাল। পর্তুগিজ ডিফেন্ডার সুযোগ হাতছাড়া করেননি, আলতো খোঁচায় জিদানের দলকে এনে দিয়েছেন পূর্ণ ৩ পয়েন্ট।

শেষ মুহূর্তে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালিয়েছে আলাভেস। শেষ পাঁচ মিনিটে টানা পাঁচটি কর্নার আদায় করলেও গোলরক্ষক আলফান্সো আরিওলার কল্যাণে জয় নিয়েই ফেরে মাদ্রিদের জায়ান্টরা।

আপনার মন্তব্য

আলোচিত