সিলেটটুডে ডেস্ক

০১ ডিসেম্বর, ২০১৯ ১৯:৩০

বিপিএলকে সামনে রেখে অনুশীলনে মাশরাফি

চোট কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন মাশরাফি। প্রস্তুতি নিচ্ছেন বিপিএল আসরের জন্য।

রোববার (১ ডিসেম্বর) সকালে বিসিবি একাডেমি মাঠে বোলিং অনুশীলন করতে দেখা যায় তাকে। চার ওভার বোলিং করেছেন তিনি। ঢাকা প্লাটুনসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন আশাবাদী, টুর্নামেন্টের শুরু থেকেই পাওয়া যাবে ঢাকার এ তারকাকে।

সালাউদ্দিন বলেন, টুর্নামেন্টের পুরোটা খেলবে বলেই তো মাশরাফিকে নেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় সে খেলবে, ভালোভাবেই খেলবে। আজ প্রথম বোলিং করল, ছন্দে একটু সমস্যা হবে। কয়েক দিন বোলিং করলেই ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় বিষয় ওর অভিজ্ঞতা, এটা তো ফেলতে পারবেন না। যখন খেলবে শতভাগ দিয়েই খেলবে।

ব্যক্তিগত উদ্যোগে অনেক দিন ধরে অনুশীলন করছেন মাশরাফি। চেষ্টা করছেন ফিট হয়ে ওঠার। শরীরের ওজন কমিয়েছেন অনেকটাই।

বিসিবির নির্বাচক হাবিুবুল বাশার বলেন, ‌মাশরাফি অনেক দিন ধরে অনুশীলন করছে, কেউ জানে না। ফাঁকে ফাঁকে চুপি চুপি করে যাচ্ছে। মাশরাফির অভিজ্ঞতা, সামর্থ্য এটা কখনো কমেনি। কমবেও না। ফিটনেস নিয়ে সে কাজ করছে। সে খুবই সিরিয়াস। এই বিপিএলটা ও খুব ভালো খেলবে। ওর খেলার আগ্রহটা এখনো মরে যায়নি। অনেকেই অনেক কথা বলে। সে এখনো ক্রিকেট খেলতে চায় এবং ও যখন খেলে সেরাটাই খেলতে চায়। এটাই হলো মাশরাফির সঙ্গে বাকিদের পার্থক্য।

কুমিল্লার হয়ে ২০১৫ ও ২০১৮ বিপিএল চ্যাম্পিয়ন কোচ সালাউদ্দিন এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে শুরু করতে যাচ্ছেন টুর্নামেন্ট। ঢাকার দায়িত্ব এবার তার হাতে। মাশরাফির প্রতি ঢাকার দর্শকদের প্রত্যাশা থাকবে অনেক বেশি।

আপনার মন্তব্য

আলোচিত