স্পোর্টস ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০১৯ ২২:২৯

লা লিগা, ইপিএলের পর ইতালির লিগেও সেরা রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবল ক্যারিয়ারে আরও এক সাফল্যের পালক যুক্ত হলো। এবার তিনি ইতালিয়ান লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এরআগে স্প্যানিশ লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগেরও সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন সিআরসেভেন খ্যাত এই ফুটবল কিংবদন্তি।

সোমবার রাতে মিলানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

নতুন চ্যালেঞ্জ নিতে স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির জুভেন্টাসে গিয়েছিলেন রোনালদো। সে লক্ষ্যে রোনালদো মোটামুটি সফলই বলা চলে। ইতালিতে প্রথম মৌসুমেই ২২ গোল করেছেন, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১১টি। জুভেন্টাসকে জিতিয়েছেন ইতালিয়ান লিগ। ইতালির বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রোনালদোর কাছাকাছি তেমন কেউই ছিলেন না। মৌসুম শেষে সেটাই নিশ্চিত করল সিরি’আ কর্তৃপক্ষ। ইতালিয়ান লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এ পর্তুগিজ তারকা।

এ মৌসুমে ইতালিয়ান লিগের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ইন্টার মিলানের স্লোভেনিয়ার গোলরক্ষক সামির হানদানোভিচ, সেরা ডিফেন্ডার হয়েছেন নাপোলির সেনেগালিজ ডিফেন্ডার কালিদু কোলিবালি। সেরা মিডফিল্ডারের পুরস্কার জুটেছে লাৎসিওর সার্বিয়ান মিডফিল্ডার সার্গেহ মিলিঙ্কোভিচ-সাভিচের কপালে।

সেরা স্ট্রাইকার হয়েছে সাম্পদোরিয়ার ফাবিও কোয়ারিয়ারেল্লা। সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রোমার ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো জানিওলো। আর এদের সবার চেয়ে সেরা ফুটবলার হয়েছেন রোনালদো, লিগের সবচেয়ে দামি খেলোয়াড়।

গুরুত্বপূর্ণ এ পুরস্কার জিতে রোনালদো ধন্যবাদ জানিয়েছেন কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে, ‘তোমার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য গৌরবের। সবকিছুর জন্য ধন্যবাদ জানাই তোমাকে!’ সামনের মৌসুম থেকে আলেগ্রি আর জুভেন্টাসের দায়িত্বে থাকছেন না। ফলে নিজের কোচ হিসেবে রোনালদো আলেগ্রিকে পেয়েছেন মাত্র এক মৌসুম। সে এক মৌসুমেই দুজনের বন্ধন হয়েছে মজবুত। রোনালদো সেটাই উল্লেখ করেছেন তার বক্তব্যে, ‘আমরা শুধু একটা মাত্র মৌসুম একসঙ্গে খেলেছি, কিন্তু এই এক মৌসুমেই বুঝেছি, তুমি মানুষ ও কোচ হিসেবে কতটা অসাধারণ।’

আপনার মন্তব্য

আলোচিত