সিলেটটুডে ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২০ ১৪:১৩

শুরু হলো বিসিএলের অষ্টম আসর

শুরু হয়ে গেল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের অষ্টম আসর। শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রামে ভিন্ন দুই ম্যাচে মাঠে নেমেছে অংশগ্রহণকারী চার দল। এর আগে বৃহস্পতিবার হয়েছে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উত্তরাঞ্চলের অধিনায়ক নাইম ইসলাম। ব্যাট করতে নেমেছে আব্দুর রাজ্জাকের দক্ষিণাঞ্চল।

তবে শুরুটা ভালো হয়নি তারকাখচিত দক্ষিণাঞ্চলের। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার শাহরিয়ার নাফিস। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮ ওভার ৪ বলে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৭৯ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছ মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। ঘন কুয়াশার কারণে খেলা মাঠে গড়াতে দেরি হয়েছে। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পূর্বাঞ্চলের অধিনায়ক মমিনুল হক। ব্যাট করতে নেমেছে নাজমুল হোসেন শান্তর মধ্যাঞ্চল।

মধ্যাঞ্চলের শুরুটাও ভাল হয়নি। ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করেছে মধ্যাঞ্চল।

আপনার মন্তব্য

আলোচিত