জৈন্তাপুর প্রতিনিধি

২৮ মে, ২০২০ ১২:২৯

জৈন্তাপুরে স্বাস্থ্যবিধি মেনে ইউপি সচিবের দাফন সম্পন্ন

সিলেটের জৈন্তাপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টায় জৈন্তাপুর উপজেলার যশপুর শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে মহল্লার কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে দুপুর আনুমানিক দেড়টার দিকে সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত স্থান নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মৃত ব্যক্তির নাম আবুল হোসেন (৩৩)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।

জানা যায়, ওই ব্যক্তি গত ৪-৫ দিন ধরে জ্বর, সর্দি কাশিতে ভুগছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করে। শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাস ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মে দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারুক হোসেনের নেতৃত্বে করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির জানাজা ও দাফন নিশ্চিত করতে গঠন হওয়া উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বাতায়ত এর একটি বিশেষ টিম স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির গোসল ও জানাজার নামাজ এবং দাফন কাজ সম্পন্ন করেন।

এ সময় থানা পুলিশের একটি টিমও সেখানে উপস্থিত ছিল।

আপনার মন্তব্য

আলোচিত