নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২০ ১৩:০৭

এক সপ্তাহের জন্য নগরীর হকার্স ও হাসান মার্কেট বন্ধের নির্দেশ

করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে নেমেছে সিলেট সিটি করপোরেশন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে সিলেট নগরে চলছে সিটি করপোরেশনের অভিযান। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও দুটি মার্কেট বন্ধের নির্দেশ দেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টার দিকে ম্যাজিস্ট্রেট, র‌্যাব এবং পুলিশ সদস্যদের নিয়ে নগরীর বিভিন্ন ব্যস্ততম এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

নগর ভবনের সামনে থেকে এ অভিযান শুরু হয়ে কিন ব্রিজ এলাকা, সুরমা মার্কেট, বন্দর বাজার, হাসান মার্কেট, লালদিঘীরপাড়, করিম উল্লাহ মার্কেটসহ আশপাশের দোকানগুলো ঘুরে দেখেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় নগরীর বিভিন্ন মার্কেট ঘুরে বন্দর বাজার এলাকার হাসান মার্কেট ও লালদিঘীরপাড় এলাকায় হকার্স মার্কেট আগামী এক সপ্তাহ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন মেয়র।

মেয়র আরিফ বলেন, সিলেটে যে হারে করোনারোগীর সংখ্যা বাড়ছে এতে আমরা সামনে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি। যে পরিমাণ হাসপাতাল সিলেটে আছে সবগুলো মিলিয়েও আমাদের রক্ষা হবে না। তাই আজ থেকে সিটি করপোরেশন অভিযানে নেমেছে। যারাই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন বন্দরবাজার এলাকার হাসান মার্কেট ও লালদিঘীরপাড় এলাকার হকার্স মার্কেটে যে অবস্থা, সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করার বিন্দুমাত্র সুযোগ নেই। তাই এক সপ্তাহের জন্য মার্কেট দুটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। যদি কেউ বন্ধ না করেন তবে সরকারের স্বাস্থ্যবিধি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।

মেয়র বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকে সিলেটের মানুষকে সচেতন করতে মাইকিংসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সিটি করপোরেশন। কিন্তু মানুষ এতে কর্ণপাত করেন নি। তাই এখন থেকে প্রতিদিন মাঠে থাকবে সিটি করপোরেশন। তিনি নিজে বিষয়টি মনিটরিং করবেন।

সিলেট সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অভিযোগে জরিমানা ও মামলা করছেন।

এ সময় অন্যান্য ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন মেয়র। অন্যথায় সিটি কর্পোরেশন কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন।

অভিযানে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীরা, র‍্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত