২৩ জুন, ২০২০ ১৮:৩৮
সিরিঞ্জের দাম নিয়মিত দামের চেয়ে ৫ টাকা বেশি রাখায় এক ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে আমিনুল ইসলাম নামক একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ জুন) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শমশেরনগর এলাকায় অবস্থিত আইডিয়াল ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করেন। অনলাইনের মাধ্যমে আমিনুল ইসলাম নামে একজন সেবাপ্রার্থী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে শমশেরনগর বাজারের আইডিয়াল ফার্মেসির বিরুদ্ধে ৫ টাকার সিরিঞ্জ ১০ টাকায় বিক্রি করার অভিযোগ আনেন।
মঙ্গলবার অধিদপ্তরের জেলা কার্যালয়ে অভিযোগকারী এবং অভিযুক্তকে ডেকে তাদের বক্তব্য শুনা হয়। আইডিয়াল ফার্মেসির মালিক অসীম মালাকার ৫ টাকার সিরিঞ্জ ১০ টাকায় বিক্রি করার কথা স্বীকার করেন। দুই পক্ষের উপস্থিতিতে শুনানির মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত করে ৪ হাজার টাকা জরিমানার আদেশ দিলে প্রতিষ্ঠানের মালিক অসীম মালাকার জরিমানার টাকা পরিশোধ করেন।
আইন অনুযায়ী আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা হিসাবে অভিযোগকারী আমিনুল ইসলামকে ১ হাজার টাকা প্রদান করা হয়।
আপনার মন্তব্য