বিশ্বনাথ প্রতিনিধি

২৫ জুন, ২০২০ ১৮:০৮

বিশ্বনাথে দুই বৃদ্ধ নিহতের ঘটনায় অপরপক্ষের মামলা

ইউপি চেয়ারম্যানসহ অভিযুক্ত ৩০

সিলেটের বিশ্বনাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুই পক্ষে দুই বৃদ্ধ নিহতের ঘটনায় এবার নিহত মখলিছ মিয়ার ছেলে আকরাম হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

বুধবার (২৪ জুন) রাতে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, (মামলা নং ১৬)। মামলায় স্থানীয় অলংকারী ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলসহ প্রতিপক্ষের ৩১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ওই দিন (বুধবার) বিকেলে নিহত ওয়ারিছ আলী (৬০) পক্ষে মামলা দায়ের করেন তার স্ত্রী নুরুননেছা বেগম, (মামলা নং ১৫)। ওই মামলায় ২০ জনের নাম উল্লেখসহ আরও ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে প্রতিপক্ষের ইউপি সদস্য ফজলু মিয়া (৫০) ও গিয়াস উদ্দিনকে (২৫)।

অন্যদিকে নিহত মখলিছ মিয়া পক্ষের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ৫৪ ধারায় জেলহাজতে পাঠানো প্রতিপক্ষের রুয়েল আহমদ (২৫), সুহেল আহমদ (১৮) ও মানিক মিয়াকে (৩৮)।

মামলা দায়ের ও গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী। তিনি এ প্রতিবেদককে বলেন, মামলায় অভিযুক্ত অপর আসামিদেরও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

প্রসঙ্গত, জমিজমা সংক্রান্ত বিরোধে গত মঙ্গলবার (২৩ জুন) বিকেলে মনোকুপা গ্রামের নুরুল ইসলাম পক্ষের ওয়ারিছ আলীর (৬০) উপর হামলা করেন সমছু মিয়া পক্ষ। এ ঘটনায় সন্ধ্যায় উভয়পক্ষে সংঘর্ষে গুরুতর আহত হন সমছু মিয়া পক্ষের মখলিছ মিয়া (৬৫)। পরবর্তীতে তাদের দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত