০১ জুলাই, ২০২০ ১৯:৫০
নিহত শিশু রিমন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ বছরের শিশু রিমনকে গলা কেটে হত্যা করার ঘটনায় অভিযুক্ত ইউনুস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
বুধবার (১ জুলাই) সকালে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযুক্ত ইউনুস মিয়া ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দী দেন।
আদালতকে ইউনুস মিয়া জানান, গত পাঁচমাস আগে তিনি রিমনের বাবা শিবুলাল গৌড়ের সিএনজির ব্যাটারি চুরি করেন। তারপর স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে তাকে চোর সাব্যস্ত করে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়। ইউনুস সেই টাকা পাঁচমাসেও দিতে পারেন নি, টাকা না দেওয়ার কারণে শিবুলাল গৌড় ও তার পরিবারের সদস্যরা তাকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চোর চোর বলে ক্ষ্যাপাতো এতে তিনি প্রচণ্ড প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেন।
মঙ্গলবার বিকেল তিনটায় সে নিহত রিমনকে পাখি শিকারের কথা বলে বিলাসছড়ার ৪ নম্বর সেকশনের একটি ঝোপের আড়ালে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেন।
বিজ্ঞাপন
এ দিকে গতকাল সন্ধ্যায় রিমনের লাশ উদ্ধারের পর নিহত রিমনের বাবা শিবুলাল গৌড় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিলাসছড়ার হান্নান মিয়ার ছেলে ইউনুস মিয়া পূর্বশত্রুতার জেরে তার ছেলেকে হত্যা করেছেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, গতকাল রাতে নিহত রিমনের বাবা শিবুলাল গৌড় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন,রাতেই সন্দেহভাজন হিসেবে ইউনুস মিয়াকে আমরা গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ঘটনার সাথে সংশ্লিষ্টতা স্বীকার করে এবং সে আমাদের জানায় সে একাই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুড়িটিও আমরা উদ্ধার করেছি।
আজ সকালে আমরা তাকে আদালতে পাঠালে সে নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দেয়।
উল্লেখ্য, গতকাল বিকেলে শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের বিলাসছড়া থেকে পাঁচ বছরের শিশু রিমনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানার পুলিশ।
আপনার মন্তব্য