০৮ জুলাই, ২০২০ ২৩:১৩
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গনে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবারে বর্ষার শুরুতে ভাঙ্গন শুরু হওয়ায় বিদ্যালয়ের পশ্চিমাংশে পড়েছে হুমকির মুখে।
বিষয়টি দেখতে সরজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নদী ভাঙ্গন থেকে প্রতিষ্ঠানটি রক্ষার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে শীঘ্রই বালু ভর্তি বস্তা নিক্ষেপ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। ভাঙ্গন রোধের জন্য স্থায়ী ভাবে পদক্ষেপ নিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানানো হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটি রাণাপিং তথা আশপাশ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি সিলেট-জকিগঞ্জ সড়ক ও সুরমা নদীর মধ্যবর্তী ভূখণ্ডে অবস্থিত। বিদ্যালয়ের পশ্চিমের সীমা একেবারে নদীর তীরে হওয়ায় ভাঙ্গনের মুখে রয়েছে সীমানা প্রাচীর। প্রতিবছরই কমবেশি ভাঙ্গনের মুখে পড়ে এস্থানটি। এবার অন্যান্য বছরের মত ভাঙ্গন দেখা দেয়ায় পশ্চিমের দেয়ালটি অনেকটা হুমকির মুখে পড়েছে।
বিজ্ঞাপন
সংবাদ পেয়ে মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান নদী ভাঙ্গন এলাকা সরজমিন পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, গোলাপগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য হাজী আব্দুল ওয়াদুদ, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন চৌধুরী জাকারিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী বদর উদ্দিন টুনু মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবাদ পেয়ে ওই দিনই সিলেট পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে নদী ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পারভেজ আহমদ নামের স্থানীয় এক ব্যক্তি জানান, নদী ভাঙন থেকে বিদ্যালয়টি এখনি রক্ষা না করলে পরে দিন দিন নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক বিদ্যালয়টি পরিদর্শন করেছি। নদী ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য