নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২০ ২১:৪৪

করোনাকালীন দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পেয়েছে

করোনাকালীন সময়ে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এইসময়ে সবকিছু স্থবির হয়ে যাওয়ার সুযোগ নিয়ে দেশের একটি প্রভাবশালীমহল নারী, শিশু এবং বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা ও নির্যাতন চালিয়ে বিশৃংখল পরিবেশ তৈরীর পাঁয়তারা করছে।

বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর অনুপ্রেরণায় গঠিত ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়াকর্, সিলেট’ এর উদ্যোগে শনিবার (২৫ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এক অনলাইন সভায় বক্তারা এমনটি বলেছেন।

এসময় বক্তারা সম্প্রতি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় বাউল শিল্পী রনেশ ঠাকুরের গানের ঘর আগুন দিয়ে পুড়ানো, জৈন্তাপুরের আলুবাগান এলাকায় স্থানীয় এক ইউপি সদস্যের ছেলে কর্তৃক একজন আদিবাসী কিশোরী ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, করোনাকালীন বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় দেশের বর্তমান এই সংকটপূর্ণ মুহুর্তে স্বাস্থ্যমন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানসমুহ দুর্নীতির মাধ্যমে দেশের সাধারণ মানুষকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। বক্তারা এ করোনাকালীন বিশেষ করে সরকারি স্বাস্থ্যখাতের বিভিন্ন কেনাকাটায় দুর্নীতি থেকে শুরু করে করোনা চিকিৎসার নামে দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোর আকাশচুম্বী বিল সাধারণ জনগণকে পরিশোধ করতে বাধ্য করারও তীব্র সমালোচনা করেন। নেটওয়ার্কের সদস্যগণ এসব পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দায়ি ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেন।

‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়াকর্, সিলেট’ এর আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এডভোকেট ইরফানুজ্জমান চৌধুরী, অধ্যাপক আনোয়ারা বেগম, সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, সাংবাদিক ফয়সল আহমদ বাবলু, মিনহাজ সামাদ চৌধুরী, নেটওয়ার্কের সদস্য সচিব লক্ষ্মীকান্ত সিংহ এবং ঢাকার সহযোগী সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর নির্বাহী পরিচালক এডভোকেট সাইদুর রহমান, এমএসএফ প্রতিনিধি টিপু সুলতান, তাহেরা বেগম, তানিয়া খাতুন, নাহিদ শামস প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত