নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২০ ১৮:৪০

টিলা ও গাছ কাটার প্রতিবাদে শাবি’র প্রধান ফটকে বাপা’র প্রতিবাদী অবস্থান

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিলা ও গাছ কেটে উন্নয়ন কর্মকান্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচী করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়েোর প্রধান ফটকের সামনে এই প্রতিবাদী কর্মসূচীর আয়োজন করা হয়।

এতে বক্তারা বলেন, পরিবেশ-প্রতিবেশকে নষ্ট করে, অবজ্ঞা করে করা উন্নয়ন কোন উন্নয়নই নয়। টিলা কেটে-গাছ কেটে স্থাপনা নির্মান, সড়ক নির্মান সবাই করলেও কোন বিশ্ববিদ্যালয় এমন কাজ করতে পারে না।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় পাহাড়-টিলা, জলাধার, বৃক্ষ রক্ষা করে কিভাবে উন্নয়ন করা সম্ভব তার নজির স্থাপন করবে কিন্তু তা না করে টিলা বা গাছ কেটে উন্নয়ন কাজ করলে তা অত্যন্ত দুঃখজনক। এমন কাজের তীব্র সমালোচনা ও প্রতিবাদ হওয়া উচিত। আজ মঙ্গলবার সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে আয়োজিত একটি প্রতিবাদী অবস্থান থেকে এমন প্রতিক্রিয়া ব্যাক্ত করেন বক্তারা।

বিকাল ৩টা থেকে ঘন্টাব্যাপী চলা এই প্রতিবাদী অবস্থান কর্মসুচীতে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এতে বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ প্রতিবেশ রক্ষার শিক্ষা ও দীক্ষা গ্রহন করে ভবিষ্যৎ জীবনে তার প্রয়োগ করবে। কিন্তু বিশ্ববিদ্যালয় যদি অন্য সবার মত আচরন করে তবে তা মেনে নেয়া যায় না। পেন্ডামিককালে নির্জন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিলা কাটা ও গাছ কাটার পেছনে থাকা দূর্বৃত্তদের চিহ্নিত করা উচিত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়ন কাজ মাষ্টার প্ল্যান অনুযায়ী সমপন্ন করার দাবী জানানো হয়।


অবস্থান কর্মসূচিতে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। ভাষাসৈনিক মতিন উদ্-দীন যাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজাহান চৌধুরী বাহার-এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েসন (ইমজা)'র ভারপ্রাপ্ত সভাপতি মঈনুদ্দিন মঞ্জু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের যুগ্ম সম্পাদক ছামির মাহমুদ, বিজ্ঞান মঞ্চের সমন্বয়ক প্রণব জ্যোতি পাল, সাংস্কৃতিক সংগঠক বিমান তালুকদার, গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরাম সিলেটের দপ্তর সম্পাদক আব্দুল জব্বার শাহী,  পরিবেশকর্মী মুজাহিদ হোসেন মুনিম, রুবেল মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত