২৮ নভেম্বর, ২০২০ ১৮:৩৪
প্রায় ৬১কোটি টাকা ব্যয়ে সিলেটের বিশ্বনাথের মাহতাবপুর, রাজাপুর ও পরগণাবাজার এলাকার নদী ভাঙন রোধ প্রকল্পের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। তবে, সিলেটের বিশ্বনাথ ও সিলেট সদর সীমান্তের সুরমা নদী তীর সংরক্ষণ প্রকল্পে মোট বরাদ্ধ দেওয়া হয়েছে প্রায় ১২০ কোটি টাকা।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ অংশের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় এমপি ও গণফোরাম নেতা এমপি মোকাব্বির খান।
রাজাপুর গ্রামে নদী তীরে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান বলেন, নদী ভাঙন রোধ প্রকল্পের উন্নয়নকাজে দুর্নীতি মেনে নেওয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত দেশে রুপান্তরিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু একদল অসৎ আমলা ও দুর্নীতিবাজরা দেশটাকে বিক্রি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এদের প্রতিহত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশিত পথ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে।
লামাকাজি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনামের সভাপতিত্বে ও ইউপি সদস্য ফয়ছল আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা, পানি উন্নয়ন বোর্ডের এসডি ইঞ্জিনিয়ার একেএম নিলয় পাশা, থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সমাজসেবক আব্দুস শহীদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও সাংবাদিক প্রণঞ্জয় বৈদ্য অপু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হাবিবুর রহমান ও এলাকার যুবক আব্দুর নুর।
আপনার মন্তব্য