২৯ নভেম্বর, ২০২০ ০০:২৭
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও মাঝপাড়া ও কোনাপাড়ার মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে ৩টার দিকে দলইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দলইরগাঁও মাঝপাড়া আব্দুল মতিনের ছেলে জুনেদ আহমদ(২১) এর সাথে দলইরগাঁও কোনাপাড়ার উজির মিয়ার(৪২) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উজির মিয়া ও জুনেদদের মধ্যে মারামারি হয়। এতে উভয়েই আহত হন। এ ঘটনার জেরে বিকেল সাড়ে ৩ টায় দলইরগাঁও কোনাপাড়ার উজির মিয়া আত্মীয়রা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জুনেদের বাড়িতে আক্রমণ করতে আসলে, জুনেদের আত্মীয়রা প্রতিহত করতে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয়পক্ষের ইটপাটকেলে অন্তত ৫ জন আহত হন। পরে তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দলইরগাঁও গ্রামের বাসিন্দা কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমরউদ্দিন চৌধুরী জানান, দুই পক্ষের মারামারির বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তি করতে উভয় পক্ষই জামানত প্রদান করেছে। গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংঘর্ষের বিষয়টি সুন্দরভাবে মীমাংসা করা হবে।
আপনার মন্তব্য