জগন্নাথপুর প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০২০ ২১:১৮

জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ কাজের উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ফসলরক্ষায় বেড়িবাঁধ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের পোল্ডার-১ এর আওতাধীন দাসনাগাঁও কুরেরপাড় এলাকায় ৩ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের প্রধান সহকারী প্রকৌশলী হাসান গাজী, ইউপি সদস্য রনধীর কান্ত নান্টু দাস, কৃষক আহমদ আলী প্রমুখ।

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য রণধীর কান্ত নান্টু দাস বলেন, পাউবো’র নীতিমালা অনুযায়ী বাঁধের কাজ যথাসময়ে সম্পন্ন করা হবে।

জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের সহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন, সোমবার আমরা একটি প্রকল্পের বাঁধের কাজ শুরু করেছি। এই প্রকল্পের ১.৫৭৬ কিলোমিটার লম্বা বাঁধের সংস্কার ও নির্মাণ কাজের জন্য ১২ লাখ ৭১ হাজার ৩৬৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের কাজ শেষ করা হবে। আমরা পর্যায়ক্রমে হাওরের অপর প্রকল্পের কাজ শুরু করব।

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেদেহী হাসান বলেন, গণশুনানির মাধ্যমে উদ্বোধনী প্রকল্পটির কাজ শুরু হয়েছে। একইভাবে অপর প্রকল্পগুলোর কাজ কমিটির গঠনের মাধ্যমে শুরু হবে। ফসলরক্ষা বাঁধের কাজে কোনো ধরণের অনিয়ম, গাফিলতি ও দুর্নীতি সহ্য করা হবে না।

আপনার মন্তব্য

আলোচিত