নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৬ ১৫:১৪

বাউল করিমের দিরাইয়ে এবার নারী শিল্পীদের বাউল গানে আপত্তি

কোলাজ: সিলেটটুডে

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নামে পরচিত সুনামগঞ্জের দিরাই উপজেলা। করিমের জন্মভূমি দিরাইয়ে এবার বাউল গানের একটি আয়োজনে আপত্তি জানিয়েছেন স্থানীয়রা।

নারী শিল্পীরা গান গাওয়ার বিষয়ে পুলিশের কাছে লিখিত আপত্তি জানান স্থানীয় দুই ব্যক্তি। তাদের আপত্তিতে বন্ধ হয়ে গেছে গানের এ আয়োজন।

এরআগে চলতি মাসের শুরুতে স্থানীয় আলেম সমাজের আপত্তিতে পন্ড হয়ে যায় দিরাইয়ে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।

জানা যায়, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর গ্রামে বাউল গানের এই অনুষ্ঠানের আয়োজন করেন শওকত আলী নামে যুক্তরাজ্য প্রবাসী স্থানীয় এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার গানের এ অনুষ্ঠান হওয়ার কথা। এতে তানিশা ও নিলা নামে দুই নারী বাউল শিল্পী সঙ্গীত পরিবেশশনের কথা ছিল। এ আয়োজনের ব্যাপারে এলাকায় পোস্টারিংও করান শওকত আলী।

তবে বুধবার গানের এই আয়োজন বন্ধের দাবিতে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় দুই বাসিন্দা।

দিরাই থানার ওসি আমিনুল ইসলামের কাছে দেওয়া আবেদনে গ্রামবাসীর পক্ষে আতাহার আলী রাহাত ও কামরুল হাসান মিটু অনুষ্ঠানটি বন্ধ বা স্থগিত করার উদ্যোগ নিতে অনুরোধ জানান।

আবেদনে বলা হয়, হাতিয়া গ্রামটি দীর্ঘদিন ধরে ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ঐতিহ্যের জন্য পরিচিত। গ্রামে একটি আলিম মাদ্রাসা, একজন আল্লাহর ওলির মাজার এবং অনেক আলেম-ওলামার বসবাস রয়েছে। সেখানে গানের অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে বলে আবেদনকারীরা উল্লেখ করেন।

আবেদনকারীদের দাবি, আয়োজকদের প্রচার অনুযায়ী, অনুষ্ঠানে নারী শিল্পীদের দিয়ে গান পরিবেশনের ব্যবস্থা রাখা হয়েছিল। এ আয়োজন অব্যাহত থাকলে উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। গ্রামের ধর্মীয় ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান আবেদনকারীরা।

আবেদনে আরও উল্লখ করা হয়, আমোদের গ্রামে ইতোপূর্বে এ ধরণের আয়োজনের নজির নেই। আমরা চাই এলাকার ধর্মীয় ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি ও পারস্পারিক শ্রদ্ধাবোধ অটুট থাকুক। এবং কোন অপীতিকর ঘটনা, সংঘাত-সহিংসতা না ঘটুক।

এ বিষয়ে দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বৃহস্পতিবার সিলেটটুডেকে বলেন, গানের অনুষ্ঠানের ব্যাপারে আপত্তি পাওয়ার পর আমরা আয়োজকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদের আশ্বস্ত করেছেন, তাঁরা গান-বাজনা করবেন না। ফলে বিষয়টি মীমাংসা হয়ে গিয়েছে।

বাউল শিল্পীদের জন্য বিখ্যাত ভাটির জনপদে বাউল গানের আসরে বাধা প্রসঙ্গে তিনি বলেন, বাউল গান নিয়ে তারা আপত্তি জানাননি। নারী শিল্পী থাকায় আপত্তি জানিয়েছেন। নারী শিল্পীদের কারণে অশ্লীল নৃত্যসহ অসামাজিক কার্যকলাপের আশঙ্কা করছেন স্থানয়ীরা। ফলে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় এ অনুষ্ঠান বন্ধের আবেদন করেছেন।

এর আগে গত ৫ অক্টোবর দিরাই উপজেলা স্টেডিয়ামে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচও স্থানীয় একটি পক্ষের আপত্তির মুখে স্থগিত করা হয়েছিল। দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মেয়েদের মধ্যে ওই ম্যাচ হওয়ার কথা ছিল। আয়োজক স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ও কোচ রাকিব আহমেদ ভূঁইয়ার জানিয়েছিলেন, খেলার আগের রাতে কয়েকজন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে ম্যাচ বন্ধের দাবি জানান। পরে ইউএনওর সঙ্গে আলোচনার পর ম্যাচটি স্থগিত করা হয়।

কোচ রাকিব আহমেদ বলেন, দিরাই পৌর এলাকার চণ্ডীপুরের বাসিন্দা মাওলানা শরিফ উদ্দিনসহ কয়েকজন খেলার নামে ‘অশ্লীলতা’ বন্ধের দাবি জানিয়েছিলেন। ইউএনও অফিস থেকে বেরিয়ে তারা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। তারপর প্রশাসনের নির্দেশে আমাদের খেলাটি স্থগিত রাখতে হয়।

প্রসঙ্গত, বাউল শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি দিরাইয়ের উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি নিজ গ্রামে থেকেই সঙ্গীত চর্চা করেন। তবে গানের কারণে তাকে উগ্রবাদীদের বাধার মুখে পড়তে হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত