কমলগঞ্জ প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২০ ১৮:১৮

বড়দিন উপলক্ষে কমলগঞ্জের ৪০টি গীর্জায় অনুদান বিতরণ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪০টি গীর্জায় সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলগঞ্জ উপজেলার ৪০টি গীর্জার খ্রিস্টান ধর্মাবলম্বী প্রধানদের হাতে সরকারি অনুদানের অর্থ বিতরণ করেন সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

এসময় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, মাগুরছড়া খাসিয়াপুঞ্জির হেডম্যান (মন্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পত্মীসহ বিভিন্ন খাসিয়া পুঞ্জির প্রধানরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার ৪০টি গীর্জায় ৫ লাখ ৬৮ হাজার টাকা টাকা বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত