১৯ ডিসেম্বর, ২০২০ ০০:৩৬
খুলনার ফুলতলা উপজেলায় বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য মোল্লা হেমায়েত হোসেন লিপুকে (৪৫) গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত লিপু ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটুর ভাই। তাজপুর গরুর হাট এলাকায় তার বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তাজপুর গরুর হাট এলাকায় চার-পাঁচজন লোকের সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন লিপু। এ সময় দুটি মোটরসাইকেলে চার-পাঁচজন লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা লিপুকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাজপুর গরুর হাট এলাকায় তাকে হত্যা করা হয়। লিপু আগে বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। কিছুদিন আগে তিনি পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন।’
ওসি আরও বলেন, পুলিশ খুনি ধরার জন্য অভিযান শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার মন্তব্য