বড়লেখা প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২০ ২০:১৮

বড়লেখায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ মেয়র প্রার্থীসহ ২৪ জনের জরিমানা

পৌরসভা নির্বাচন

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ মেয়র ও ২১ কাউন্সিলর পদ প্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে এবং নির্ধারিত আকারের চেয়ে বড় আকারের পোস্টার ও ব্যানার টাঙানোর দায়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে ৫ হাজার, বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলামকে ৫ হাজার ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে বিভিন্ন ওয়ার্ডের ২১ কাউন্সিলর প্রার্থীকে ২ হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান ও থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বড়লেখা উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

আলোচিত